Humayun Kabir:বিধায়ক পরিবারের অশান্তি: পুলিশের ওপর হামলায়,আইনের জালে হুমায়ুনের ছেলে!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:মুর্শিদাবাদে ফের রাজনৈতিক উত্তেজনা। ভরতপুরের বিধায়ক ও তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবীরের (Humayun Kabir) বিরুদ্ধে ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ ঘিরে রীতিমতো তোলপাড় শক্তিপুরে। রবিবার সকালে বিধায়কের শক্তিপুরের বাড়িতে পুলিশের উপস্থিতিতেই শুরু হয় বিতর্ক।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/12/28/jnaneswari-blast-shuvendu-attack-tmc-junglemahal-assembly-election/

অভিযোগ, বিধায়ক অফিসে বৈঠকের সময় ছুটি চাইতে গেলে ওসি-রক্ষীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন হুমায়ুন কবীর (Humayun Kabir)। অভিযোগকারীর দাবি, সেই সময় বিধায়ক তাঁকে চড় মারেন। পরে হুমায়ুনের ছেলে গোলাম নবি আজাদ ওরফে সোহেলও হামলা চালান ওই কনস্টেবলের উপর। লিখিত অভিযোগের ভিত্তিতেই পুলিশ সকালে বিধায়কের বাড়িতে পৌঁছে সোহেলকে আটক করে থানায় নিয়ে যায়। জব্দ করা হয় সিসিটিভি ফুটেজ-সহ দুটি পেনড্রাইভ।

যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন হুমায়ুন কবীর। তাঁর দাবি, নিরাপত্তারক্ষীই অশালীন আচরণ করেন এবং তাঁকে আক্রমণের চেষ্টা করেন। সেই সময় তাঁর ছেলে পরিস্থিতি সামাল দিতে কেবল ওই কনস্টেবলকে অফিস থেকে বের করে দেন। প্রয়োজনে সিসিটিভি ফুটেজই তাঁর নির্দোষতার প্রমাণ হবে বলে দাবি বিধায়কের।

ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন হুমায়ুন। তাঁর হুঁশিয়ারি—“আমার পরিবারের সঙ্গে অসরকারি আচরণ হলে বহরমপুর স্তব্ধ করে দেব। পুলিশ সুপারের দফতর ঘেরাও করব।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

ঘটনার সত্যতা স্বীকার করে এসডিপিও জানান, ছুটির কোনও প্রসঙ্গ সামনে আসেনি। কর্তব্যরত পুলিশকর্মীর উপর হামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন,“পুলিশের গায়ে হাত তুলে আইনবিরুদ্ধ কাজ করেছেন হুমায়ুন। আইন নিজের পথে চলবেই।”

উল্লেখ্য, হুমায়ুন কবীর ইতিমধ্যেই তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে আলাদা দল গড়েছেন। তবে তাঁর ছেলে সোহেল এখনও তৃণমূলের সঙ্গেই যুক্ত এবং বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। ঘটনাকে কেন্দ্র করে শক্তিপুরে টানটান উত্তেজনা অব্যাহত।