নিউজ পোল ব্যুরো:বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তাপ বাড়ছে জঙ্গলমহলে। বহুদিন আগে ঘটে যাওয়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বিস্ফোরণের প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari attack on TMC)। তাঁর দাবি, সেই রেল দুর্ঘটনার নেপথ্যে তৃণমূলের যোগ ছিল এবং আজও সেই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরাই ক্ষমতাসীন দলের ভেতরে সক্রিয় রয়েছেন। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এক জনসভা থেকে ছত্রধর মাহাতের নাম উল্লেখ করে শুভেন্দুর অভিযোগ, ২০০৭-০৮ সালে জনসাধারণ কমিটির নামে যিনি জঙ্গলমহলে আন্দোলন সংগঠিত করেছিলেন, তিনিই আজ তৃণমূলের প্রিয়জন। ভোটের আগে এই ইস্যু নতুন করে সামনে এনে শুভেন্দুর মন্তব্য—জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডে শতাধিক নিরীহ যাত্রী প্রাণ হারিয়েছিলেন, অথচ সেই ঘটনার জন্য দায়ী ব্যক্তিরাই আজ ক্ষমতাসীন দলের নেতা। রাজনৈতিক মহল মনে করছে, বছরের পর বছর পরে এই নাশকতার প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু জঙ্গলমহলের মানুষের আবেগকে লক্ষ্য করেই রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/12/28/yuba-bharati-shatadru-dutta-bail-rejected-corruption-case/
তবে শুভেন্দুর (Suvendu Adhikari attack on TMC) অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের কটাক্ষ, ২০১০ সালে বাংলায় ছিল বামফ্রন্টের সরকার, কেন্দ্রে কংগ্রেস—সেই অবস্থায় তৃণমূলকে কীভাবে দোষারোপ করছেন বিরোধী দলনেতা? তাঁর বিদ্রুপ, এভাবে চলতে থাকলে হয়তো ’৬২-র চীনযুদ্ধের দায়ও তৃণমূলের ঘাড়ে চাপাবেন শুভেন্দু। কংগ্রেস থেকেও উঠে এসেছে প্রশ্ন। দলের মুখপাত্র সৌম্য আইচ রায়ের বক্তব্য, কংগ্রেস তো বহুদিন ধরেই এই ঘটনার নেপথ্য নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু সে সময় শুভেন্দুই ছিলেন তৃণমূলের নেতা। আজ যদি তাঁর কাছে কোনও তথ্য বা প্রমাণ থাকে, তাহলে আদালতে গিয়ে সে কথা প্রমাণ করুক তিনি—এমনই কটাক্ষ তাঁর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
২০১০ সালের ২৮ মে ঝাড়গ্রামের সর্ডিহা-রাজাবাঁধ এলাকায় লাইনচ্যুত হওয়ার পর জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বিপরীত দিকের মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। মৃত্যুর সংখ্যা ছিল ১৪৫। এখনও পর্যন্ত ৩৭ জন যাত্রীর পরিচয় অজানা। সেই মর্মান্তিক স্মৃতি জঙ্গলমহলের মানুষের মনে আজও তাজা। সেই আবেগকে সামনে রেখেই ভোটের আগে রাজনৈতিক ময়দানকে আরও তপ্ত করলেন শুভেন্দু অধিকারী—এতে কোনও সন্দেহ নেই বলেই মত বিশেষজ্ঞদের।
