CBSC Rules: পরীক্ষায় বসতে বাধ্যতামূলক ৭৫% উপস্থিতি! CBSC-র কড়া নির্দেশ

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: পরীক্ষায় বসতে হলে পড়ুয়াদের ন্যূনতম ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে এমনই কঠোর নির্দেশ দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSC Rules)। বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দশম ও দ্বাদশ দুই শ্রেণির বোর্ড পরীক্ষায় এই নিয়ম কার্যকর হবে।

আরও পড়ুন:Ramcharan Teja: সদ্‌গুরুর মেয়ের মতো ঔজ্জ্বল্য চাই, তাই কঠোর নিয়ম মেনে চলছেন উপাসনা

৪ অগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে CBSC জানিয়েছে, গত ৯ অক্টোবর ২০২৪-এর নির্দেশিকা অনুসারে নতুন নির্দেশ কার্যকর (CBSC Rules) করা হচ্ছে। এ ছাড়াও বোর্ড একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) প্রকাশ করেছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে চলতি শিক্ষাবর্ষ থেকেই এই প্রক্রিয়া চালু করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, ইচ্ছে মতো ছুটি নেওয়া যাবে না। ছুটির জন্য লিখিত আবেদন জমা দিতে হবে, যা অনুমোদন করবে স্কুল কর্তৃপক্ষ। এছাড়া, প্রতিটি শিক্ষার্থীর উপস্থিতির হার নিয়মিত জানাতে হবে অভিভাবক ও ছাত্রছাত্রীদের। উপস্থিতি কম হলে অভিভাবককে লিখিতভাবে কারণ জানাতে হবে।

বোর্ডের (CBSC Rules) দাবি, এই কড়াকড়ি ‘ডামি’ শিক্ষার্থী চিহ্নিত করতে সহায়ক হবে। যাদের উপস্থিতি প্রয়োজনীয় মানের নিচে, তাদের পরীক্ষায় বসা আটকানো হবে। স্কুলগুলিকে উপস্থিতির রেকর্ড সংরক্ষণে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু নির্দেশ জারি নয় বোর্ড আকস্মিকভাবে দেশের বিভিন্ন স্কুলে প্রতিনিধি দল পাঠিয়ে এই নিয়ম পালিত হচ্ছে কি না, তা পরিদর্শন করবে। ফলে স্কুলগুলিকে এখন থেকেই প্রস্তুতি নিতে বলা হয়েছে।

CBSC-র মতে, এই পদক্ষেপে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি বাড়বে, শিক্ষার মান উন্নত হবে এবং পরীক্ষার স্বচ্ছতা বজায় থাকবে। উপস্থিতির অভাবে পরীক্ষায় বসা থেকে বিরত থাকার আশঙ্কা থাকায়, ছাত্রছাত্রী ও অভিভাবকদের এখন থেকেই সচেতন হতে হবে। এই নতুন নীতি কার্যকর হলে স্কুলে অনুপস্থিতির প্রবণতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। তবে অনেকের মতে, অসুস্থতা বা বিশেষ পরিস্থিতিতে নিয়ম কিছুটা নমনীয় হওয়া উচিত, নইলে প্রকৃত ছাত্রছাত্রীও সমস্যায় পড়তে পারেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT