Agniveers: অগ্নিপথে আশার আলো! অগ্নিবীরদের এবার স্থায়ীকরণের পথে বড় সিদ্ধান্তের ইঙ্গিত কেন্দ্রের

দেশ

নিউজ পোল ব্যুরো: সীমান্তে গর্জে উঠেছে নতুন প্রজন্মের সাহস, নাম তাদের ‘অগ্নিবীর’ (Agniveers)। চার বছরের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে শুরু হয়েছিল নানা বিতর্ক, বিক্ষোভ, প্রশ্ন আর আশঙ্কা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল দেশের সুরক্ষা যাদের হাতে, তারা নিছক চুক্তিভিত্তিক সেনা নন, রক্ত-মাংসের সেই যোদ্ধা, যারা প্রাণ বাজি রেখে দেশের জন্য লড়াই করতে জানেন। আর সেই সাহসিকতার প্রকৃষ্ট প্রমাণ মিলেছে ‘অপারেশন সিঁদুরে’-র (Operation Sindoor) ময়দানে।

আরও পড়ুন: Salt Lake: সল্টলেকে মর্মান্তিক দুর্ঘটনায় মামলা রুজু চালকের বিরুদ্ধে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

পাকিস্তানের সঙ্গে সাড়ে তিন দিনের সীমান্ত সংঘর্ষে প্রায় ৪৫০০ অগ্নিবীর অংশগ্রহণ করেন। গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্টে, জীবনের ঝুঁকি নিয়ে তারা সফলভাবে শত্রুপক্ষকে প্রতিহত করেন। এই অভূতপূর্ব সাহসিকতায় মুগ্ধ তিন বাহিনীর শীর্ষ আধিকারিকরা। প্রতিরক্ষা মন্ত্রকে তারা সুপারিশ জানিয়েছেন, অগ্নিবীরদের (Agniveers) স্থায়ী নিয়োগের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হোক। সূত্রের খবর, যেখানে আগে বলা হয়েছিল মোটের উপর ১০ শতাংশ অগ্নিবীর পাবেন স্থায়ী চাকরি, সেখানে এখন সেই সংখ্যা একধাক্কায় বেড়ে হতে পারে ৮০-৯০ শতাংশ পর্যন্ত।

এতদিন অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রকে চাপে রেখেছিল বিরোধীরা। বলা হচ্ছিল, ৪ বছরের পরই যোদ্ধারা কর্মহীন হয়ে পড়বেন, ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে। সেই আশঙ্কার মেঘ এখন কিছুটা হলেও কাটতে চলেছে। সরকার ভাবছে, শুধু স্থায়ী করার হারই নয়, বাড়ানো হতে পারে কর্মরত অগ্নিবীরদের (Agniveers) মেয়াদও। সেইসঙ্গে বয়সসীমা যাতে বাধা না হয়ে দাঁড়ায়, সেই দিকেও নজর দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। দেশপ্রেম শুধু মুখের কথা নয়, তা প্রমাণ করেছেন অগ্নিবীরেরা। এবার সময় এসেছে তাদের সেই ত্যাগ ও সাহসিকতার যথাযথ সম্মান দেওয়ার। অপারেশন সিঁদুরে শুধু সফল মিশন নয়, অগ্নিপথ প্রকল্পের ভবিষ্যৎ বদলে দেওয়ার এক ঐতিহাসিক মোড়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole