নিউজ পোল ব্যুরো: ডিজিটাল পেমেন্টের যুগে দাঁড়িয়েও চেকের মাধ্যমে লেনদেন আজও বহু মানুষের কাছে বিশ্বাসযোগ্য মাধ্যম। তবে সমস্যা ছিল চেক জমা দেওয়ার পর টাকা অ্যাকাউন্টে(Account) পৌঁছতে দীর্ঘ সময় লেগে যাওয়া। সাধারণত দুই থেকে তিন দিন সময় লাগত চেক ক্লিয়ার(Cheque Clearance) হতে। এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। আগামী ৪ অক্টোবর থেকে চালু হচ্ছে দ্রুত চেক ক্লিয়ারেন্স(Cheque Clearance) ব্যবস্থা, যার ফলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গ্রাহকের অ্যাকাউন্টে(Account) টাকা জমা হবে।
নতুন নিয়ম বাস্তবায়িত হবে দু’টি ধাপে। প্রথম ধাপ শুরু হবে ২০২৫ সালের ৪ অক্টোবর থেকে এবং চলবে ২০২৬ সালের ২ জানুয়ারি পর্যন্ত। এ সময়সীমায় ব্যাংকগুলি সন্ধ্যা ৭টা পর্যন্ত জমা পড়া সব চেক(Cheque) যাচাই করতে বাধ্য থাকবে। দ্বিতীয় ধাপ কার্যকর হবে ২০২৬ সালের ৩ জানুয়ারি থেকে, যেখানে আরও কঠোর নিয়ম প্রযোজ্য হবে চেক(Cheque) জমা পড়ার তিন ঘণ্টার মধ্যে যাচাই শেষ করতে হবে। অর্থাৎ সকাল ১০টা থেকে ১১টার মধ্যে চেক জমা হলে, দুপুর ২টার মধ্যেই তার নিষ্পত্তি হয়ে যাবে। উল্লেখযোগ্যভাবে, এই সময়সীমার মধ্যে যদি ব্যাংক(Bank) চেক যাচাই না করে, তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে গৃহীত বলে গণ্য হবে।
এই নতুন ব্যবস্থার সুফল একাধিক। গ্রাহকরা দ্রুত তহবিল পাবেন, ফলে ব্যক্তিগত ও ব্যবসায়িক আর্থিক পরিকল্পনা আরও সহজ হবে। অন্যদিকে ব্যাংকগুলির জন্য দিনশেষের হিসেব মেলানো সহজ হবে, লেনদেনের দক্ষতাও বাড়বে। পাশাপাশি দ্রুত তহবিল আপডেট হওয়ায় ব্যাংকের সামগ্রিক তারল্যও উন্নত হবে।
সব মিলিয়ে আরবিআইয়ের(RBI) এই উদ্যোগ দেশের ব্যাংকিং খাতকে আরও স্বচ্ছ, দ্রুত এবং আধুনিক করে তুলবে। ডিজিটাল(Digital) ট্রানজাকশনের সঙ্গে সমান্তরালভাবে চেকের মতো ঐতিহ্যবাহী মাধ্যমকেও আরও গতিময় করে তোলাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।
