Saswata Chatterjee : ‘দ্য বেঙ্গল ফাইলস’ বিতর্কে শাশ্বত-বিবেক তরজা

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি *’দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই তৈরি হয়েছে প্রবল বিতর্ক। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তবে সামনের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অনেকে মনে করছেন এই ছবির বিষয়বস্তু নিছকই রাজনৈতিক প্রোপাগান্ডা। সেই প্রেক্ষিতেই শাশ্বতের অভিনয় ও অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে।

অভিনেতার দাবি ছিল, তিনি প্রথমে বুঝতেই পারেননি ছবিটি বাংলাকে ঘিরে তৈরি হচ্ছে। শাশ্বতের ভাষায়, “শ্যুটিং চলাকালীন ছবির নাম ছিল ‘দ্য দিল্লি ফাইলস’। শ্যুটিং শেষ হওয়ার পরে জানতে পারি নাম বদলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ রাখা হয়েছে। কেন এই নাম পরিবর্তন করা হল, সেটা আমার সিদ্ধান্তে ছিল না। ছবিটি না দেখা পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।”

আরও পড়ুন:Achyut Potdar : প্রয়াত ‘থ্রি ইডিয়টস’-এর কড়া অধ্যাপক অচ্যুত পোতদার

অন্যদিকে, এই মন্তব্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “আসলে ওঁকে যা বলতে বলা হয়েছে, তাই বলেছেন। শাশ্বত ভারতের অন্যতম সেরা অভিনেতা। দুর্দান্ত সব চরিত্রে কাজ করেছেন। আমার ছবিতেও এমন অভিনয় করেছেন যে, জাতীয় পুরস্কারের যোগ্য। কিন্তু এখন যদি কেউ বলেন তিনি জানতেন না ছবিটি বাংলাকে কেন্দ্র করে, তাহলে সেটা বিশ্বাস করা কঠিন।” বিবেক আরও জানান, ছবিতে শাশ্বত মুর্শিদাবাদের এক প্রভাবশালী বিধায়কের চরিত্রে অভিনয় করেছেন। তার দাবি, “পুরো ছবিটাই বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৈরি। অনেক বাঙালি অভিনেতা এতে কাজ করেছেন। ছবির নামও অনেক আগেই পরিবর্তন করা হয়েছিল, এমনকি পোস্টার প্রকাশের পর সংশ্লিষ্ট সকলকে তা জানানো হয়েছিল। তাই এখন অজানা বলার কিছু নেই।”

এই ছবিকে ঘিরে ইতিহাস বিকৃতির অভিযোগও উঠেছে। তবে শাশ্বতের মতে, “আমি ইতিহাসবিদ নই, আমি অভিনেতা। ইতিহাস বিকৃত হয়েছে কি না, সেটা বলার দায়িত্ব আমার নয়। আজকাল একটা ট্রেন্ড তৈরি হয়েছে— অভিনেতাদের পুরো গল্প জানানো হয় না, শুধু তাদের চরিত্রের ট্র্যাকটাই বোঝানো হয়। আমাকে যেভাবে চরিত্রটি দেওয়া হয়েছিল, সেটা আমার কাছে ভিলেনের একটি চ্যালেঞ্জিং ভূমিকা মনে হয়েছিল। আর খুব বেশি অভিনেতা এমন সুযোগ পান না।” এইভাবে, ‘দ্য বেঙ্গল ফাইলস’ ঘিরে শাশ্বত ও বিবেকের মন্তব্য-পাল্টা মন্তব্যে আরও উস্কে উঠল বিতর্ক।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole