নিউজ পোল ব্যুরো: ২০ এপ্রিল, আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajiv Gandhi) ৮১তম জন্মবার্ষিকী। বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁর বাবা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। বাবার স্মৃতি সৌধের কাছে শ্রদ্ধা নিবেদন করেছেন কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা তাঁর স্বামী তথা শিল্পপতি রবার্ট বঢ়রা এবং তাঁদের ছেলে রায়ান। বাবার জন্মদিনেই আবেগঘন পোস্ট করেছেন ছেলে রাহুল গান্ধী। রাগা জানিয়েছেন তার বাবার কল্পনায় থাকা এক স্বপ্ন পূরণ করার কথা।
বাবা রাজীব গান্ধীর জন্মদিনে পুরানো একটি ছবি পোস্ট করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “একটি ভারত – যেখানে প্রতিটি নাগরিককে সম্মান করা হয়, যেখানে সদিচ্ছা থাকে এবং দেশ গণতন্ত্র এবং সংবিধানের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। বাবা, তোমার কল্পনা করা এই স্বপ্ন পূরণ করাই আমার জীবনের লক্ষ্য।” প্রতিবছরই বাবাকে নিয়ে করা রাহুলের পোস্ট দেশবাসীর মন ছুঁয়ে যায়। এবারেও তার অন্যথা হয়নি। রাহুল সহ বাকি কংগ্রেস নেতারাও শ্রদ্ধা জানিয়েছেন। কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ওয়ানাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং দলের সাধারণ সম্পাদক কে.সি. ভেনুগোপাল, অনেক দলীয় নেতা ও কর্মীদের সাথে নয়াদিল্লির বীরভূমিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিস্থলে এসেছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। এক্স হ্যন্ডেলে মোদী লিখেছেন, “আজ তাঁর জন্মবার্ষিকীতে, প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীজির প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।” অন্যদিকে কংগ্রেস X হ্যন্ডেলে পোস্ট লিখেছে, “আধুনিক ভারতের স্থপতি, ‘ভারতরত্ন’ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির জন্মবার্ষিকীতে, আমরা অসংখ্য প্রণাম জানাই। এই সদ্ভাবনা দিবসে, রাজীব গান্ধীজির স্বপ্নকে স্মরণ করে, আমরা তাঁর সংকল্প পুনর্ব্যক্ত করছি।”
১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী রাজীব গান্ধী তাঁর মা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর দায়িত্ব গ্রহণ করেন। ৪০ বছর বয়সে তিনি ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন। ১৯৮৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত রাজীব গান্ধী দেশকে নেতৃত্ব দেন, এরপর তিনি লোকসভায় বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের ডিসেম্বরে পদত্যাগের মাত্র ছয় মাস আগে, এক নৃশংস আত্মঘাতী হামলায় নিহত হন তিনি। পিএম ইন্ডিয়া ওয়েবসাইট অনুসারে, ২০ আগস্ট, ১৯৪৪ সালে বোম্বেতে জন্মগ্রহণকারী রাজীব গান্ধী বয়স যখন মাত্র তিন বছর ভারত তখন স্বাধীন হয় এবং তার দাদু জওহরলাল নেহেরু দেশের প্রথম প্রধানমন্ত্রী হন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
