নিউজ পোল ব্যুরো: বাংলাদেশ(Bangladesh) সরকারের দাবি, কলকাতা(Kolkata) ও দিল্লিতে(Delhi) আওয়ামী লিগ(Awami League) কার্যালয় খুলেছে এবং সেখান থেকেই বাংলাদেশবিরোধী কার্যকলাপ চালানো হচ্ছে। বুধবার ঢাকার বিদেশ মন্ত্রক এই অভিযোগ জানিয়ে দিল্লির দৃষ্টি আকর্ষণ করে। বিবৃতিতে বলা হয়, এই ধরনের কার্যকলাপ শুধু দুই দেশের সম্পর্কের অবনতিই ঘটাবে না, বরং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে।
কিন্তু ভারতের অবস্থান স্পষ্ট এই অভিযোগের কোনও ভিত্তি নেই। নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ভারতের মাটিতে আওয়ামী লিগের(Awami League) কোনও অফিস নেই। পাশাপাশি এ দেশের মাটি ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে কোনও কার্যকলাপ চালাতে দেওয়া হয় না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ভারতীয় কূটনীতিকদের মতে, ঢাকা যে অভিযোগ তুলেছে, তা আসলে অযথা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা।
ভারতের কূটনৈতিক মহল পাল্টা যুক্তি তুলেছে, কিছুদিন আগে লন্ডন সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস(Mohammad Yunus) আওয়ামী লিগ(Awami League) সমর্থকদের প্রতিবাদের মুখে পড়েছিলেন। কিন্তু সেই সময় বাংলাদেশ সরকার ব্রিটিশ প্রশাসনকে কোনও অভিযোগ জানায়নি। এমনকি যুক্তরাষ্ট্র সফরেও একই ঘটনা ঘটলেও ওয়াশিংটনকে চিঠি দেওয়া হয়নি। অথচ এবার ভারতকে কেন্দ্র করে বিবৃতি জারি করায় নয়াদিল্লি অস্বস্তি অনুভব করছে।
বুধবারের বিবৃতিতে শেখ হাসিনার(Sheikh Hasina) নাম একবারও উচ্চারণ করা হয়নি। অথচ এতদিন ঢাকা(Dhaka) প্রকাশ্যে হাসিনাকে ফেরত আনার দাবি জানিয়ে এসেছে। একইসঙ্গে আওয়ামী লিগের শীর্ষ নেতৃত্ব ও হাসিনার দীর্ঘ বৈঠক নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, তারও কোনও উল্লেখ নেই। ফলে বাংলাদেশের বিবৃতিকে অনেকেই দিশাহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
