ধৃতরাষ্ট্রের মতো চোখ বন্ধ করে আছেন মমতা!’ — বিদ্রোহী শতাব্দীর বিস্ফোরক মন্তব্যে তৃণমূলে নতুন ঝড়।

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: বাংলার রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে নতুন মাত্রা যোগ করেছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েন। একের পর এক নেতা ও জনপ্রতিনিধির অবস্থান বদলের জল্পনার মাঝেই দলের প্রাক্তন সাংসদ শতাব্দী রায়ের বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। দীর্ঘদিন দলের সঙ্গে থাকার পর কেন তিনি অন্য রাজনৈতিক শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন, প্রশ্নের মুখে শতাব্দী।

শতাব্দীর দাবি, ২০০৯ সালে যখন তৃণমূল এখনও ক্ষমতায় আসেনি, তখন থেকেই তিনি দলের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর সাম্প্রতিক পরিস্থিতি তাঁকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, নির্বাচনের ফল প্রকাশের পর দলের ভবিষ্যৎ এবং সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কয়েকজন নেতা একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু সেই বৈঠক থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় তাঁদের মধ্যে হতাশা তৈরি হয়। তাই শতাব্দী এমন সিধান্ত নিয়েছেন। তাঁর অভিযোগ, নিচুতলার নেতাদের উদ্বেগ, মতামত এবং অভিযোগ যথাযথ গুরুত্ব পাচ্ছিল না। সেই কারণেই পরিস্থিতি ক্রমশ জটিল হয়েছে বলে তিনি মনে করেন। নিজের বক্তব্যে তিনি নেতৃত্বের সঙ্গে মহাভারতের ধৃতরাষ্ট্র চরিত্রের তুলনাও টেনে আনেন, যা রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পরবর্তী সময়ে দলীয় পুনর্গঠন, নেতৃত্বের সিদ্ধান্ত এবং সাংগঠনিক কৌশল নিয়ে মতভেদ নতুন কিছু নয়। তবে প্রকাশ্যে এমন মন্তব্য নিঃসন্দেহে রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অভিযোগ ও পাল্টা অভিযোগের বাইরে ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়। আগামী দিনে আরও নেতা অবস্থান বদল করবেন, নাকি পরিস্থিতি সামাল দিতে সাংগঠনিক উদ্যোগ নেওয়া হবে—সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে।