নিউজ পোল ব্যুরো: “যদি পছন্দ না হয়, তবে কিনবেন না!” যুক্তরাষ্ট্রের শুল্ক চাপানো নিয়ে এমনই সোজাসাপ্টা ও কড়া জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর (S Jaishankar)। ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডারস ফোরাম ২০২৫-এ বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শুল্কনীতি ও ভারতের প্রতি অব্যাহত দাদাগিরির বিরুদ্ধে মুখ খোলেন জয়শঙ্কর (S Jaishankar)। বলেন, “যারা নিজেদের ‘বাণিজ্যনিষ্ঠ’ বলে দাবি করে, তারাই আজ অন্যদের ব্যবসা করা নিয়ে প্রশ্ন তোলে। কেউ আমেরিকাকে ভারত থেকে রিফাইনড তেল বা পণ্য কিনতে বাধ্য করেনি। সমস্যায় পড়লে কিনবেন না।”
সম্প্রতি রাশিয়া (Russia) থেকে ভারত তেল (Indian Oil) আমদানি করছে। এই অজুহাত দেখিয়ে ট্রাম্প প্রশাসন ভারতের উপর ২৫% থেকে বাড়িয়ে একেবারে ৫০% শুল্ক চাপিয়েছে। বিষয়টি নিয়েও জোরালো প্রতিক্রিয়া দিয়েছেন জয়শঙ্কর (S Jaishankar)। তিনি স্পষ্ট জানান, শুল্ক চাপানোর আগে ভারতকে কেউ কিছু জানায়নি। এর নেপথ্যে যে রাজনৈতিক অভিসন্ধি কাজ করছে, তা নিয়েও ইঙ্গিত দেন তিনি। ট্রাম্পের বিদেশনীতি নিয়েও তীব্র মন্তব্য করেন জয়শঙ্কর। বলেন, “আমরা এমন কোনও মার্কিন প্রেসিডেন্ট দেখিনি যিনি আন্তর্জাতিক কূটনীতি এতটা প্রকাশ্যভাবে, ঘোষণা দিয়ে চালান।”
ভারত-পাকিস্তান (India-Pakistan) ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব নিয়েও কটাক্ষ করেন তিনি। জানান, প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা মেটাতে ভারত কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নেবে না। সবশেষে জয়শঙ্করের বক্তব্য ছিল একেবারে স্পষ্ট, “ভারত তার জাতীয় স্বার্থ এবং কৃষকের স্বার্থ রক্ষায় কোনও আপস করবে না। কেউ দ্বিমত পোষণ করলে জনগণকে জানাতে হবে, তারা কীসের পক্ষপাতী! জাতীয় স্বার্থ, না বাইরের চাপের?”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
