Durand Cup Final: ‘৩-১ হতে পারত’, বেনালির মুখে ডায়মন্ডের প্রশংসা

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: সল্টলেকের যুবভারতীতে টানা দুইবার ডুরান্ড কাপ (Durand Cup Final) চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি। স্বপ্নভঙ্গের ডায়মন্ড হারবার এফসির। বাজিমাত করল জন আব্রাহামের দল। ৬-১ গোলের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল হাইল্যান্ডাররা। যুবভারতীতে উৎসবে মাতলেন নর্থইস্ট ইউনাইটেডের সমর্থকরাও। ফাইনালে (Durand Cup Final) হারের পর স্বপ্নভঙ্গ ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনার। তবে প্রথমবার কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ করে আইএসএল দলগুলিকে হারিয়ে ফাইনালে পৌঁছনোই যে বড় ব্যাপার, মনে করিয়ে দিলেন কিবু ভিকুনা। তিনি বলেন, “খারাপ ভাবে হারলাম।

আরও পড়ুন : Durand Cup Final:ডুরান্ড ফাইনালে ডায়মন্ড হারবার বনাম নর্থইস্ট, এগিয়ে কে?

ছয় গোল অনেক বড় ব্যবধানে হার। ৩-১ যখন হয়েছে, তখনও লড়াইয়ে ছিল দল। তার পর আরও একটি গোল খেয়ে যাওয়ার পর, সমস্ত পরিকল্পনা ঘেঁটে যায়। আলাদিন আজ়ারি ও অন্যান্য বিদেশিরা পার্থক্য গড়ে দিয়েছে। তবে আমি আশাবাদী আইলিগের আগে আমাদের দল আবারও ভালো খেলবে।” নর্থইস্ট কোচ বলেন, “ডায়মন্ড হারবার খুব ভালো দল। তবে আজ ওদের দিন ছিল না। কোচ এবং খেলোয়াড়েরা খুবই ভালো। এই কয়েক বছরে ওরা যেভাবে নিজেদের উন্নতি করেছে তা অসাধারণ।

আশা করছি আইলিগ চ্যাম্পিয়ন হয়ে খুব শীঘ্রই ওরা আইএসএল খেলবে। আমি আমার দলকে নিয়ে খুশি। জিতে ভালো লাগছে। তবে ওদের দলের মান অনুযায়ী, রেজাল্ট ৬-১ হওয়া উচিত হয়নি, ৩-১ হতে পারত। তবে এটাই ফুটবল। একটা দলকে জিততেই হবে, সে ব্যবধান যাই হোক না কেন। কোনও একজন খেলোয়াড়কে কৃতিত্ব দেব না, সকলের মিলিত সাফল্য।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole