নিউজ পোল ব্যুরো: বাংলার চিকিৎসা পরিষেবায় যুক্ত হতে চলেছে এক অভিনব উদ্যোগ। এবার থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে চালু হতে চলেছে ‘বোন ব্যাঙ্ক’। সরকারি পরিকাঠামোয় হাড় সংরক্ষণের এই বিশেষ ব্যবস্থা পূর্ব ভারতের মধ্যে প্রথমবারের জন্য শুরু হচ্ছে বাংলায়।
শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তর এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করে এবং তার জন্য বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করে।স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে, এসএসকেএম-এর অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে এই বোন ব্যাঙ্ক গড়ে তোলা হবে। ইতিমধ্যেই নীতিগত অনুমোদন মিলেছে। হাসপাতালের অধিকর্তার পাঠানো প্রস্তাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দপ্তরের বক্তব্য, বর্তমান পরিকাঠামো এবং চিকিৎসাকর্মীদের উপর ভর করেই এই নতুন ব্যাঙ্ক চালু করা সম্ভব হবে।
আরও পড়ুন: Heavy Rain Upate in WB: নতুন করে নিম্নচাপের সম্ভাবনা, রবিতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
কীভাবে কাজ করবে এই ব্যবস্থা? চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনার ফলে হাত-পা বা শরীরের অন্য কোনও অঙ্গের হাড় ক্ষতিগ্রস্ত হলে কিংবা ক্যানসারের চিকিৎসার জন্য কোনও হাড় কেটে বাদ দিতে হলে, অনেক সময় রোগীর প্রাণ বাঁচাতে বা স্বাভাবিক চলাফেরা ফিরিয়ে দিতে হাড় প্রতিস্থাপন প্রয়োজন হয়। এখনও পর্যন্ত বাংলার রোগীদের সেই অস্ত্রোপচারের জন্য প্রায়শই দক্ষিণ ভারত বা বেসরকারি প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হত। ফলে চিকিৎসায় সময় যেমন নষ্ট হত, তেমনি অনেক ক্ষেত্রেই ব্যয়বহুল হয়ে পড়ত।কিন্তু এবার এসএসকেএম-এ বোন ব্যাঙ্ক তৈরি হয়ে গেলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে। হাসপাতালেই প্রয়োজনীয় হাড় সংরক্ষিত থাকবে, ফলে দ্রুত প্রতিস্থাপনের মাধ্যমে রোগীরা উপকৃত হবেন। শুধু হাড় প্রতিস্থাপন করে চলাফেরার ক্ষমতা ফেরানোই নয়, অনেক ক্ষেত্রেই রোগীর স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
রাজ্য স্বাস্থ্য দফতরের মতে, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের মধ্যে হাড় প্রতিস্থাপন পরিষেবার ক্ষেত্রে অগ্রণী রাজ্য হিসেবে স্বীকৃতি পাবে। বিরোধীরা দীর্ঘদিন ধরেই বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে নানা সমালোচনা করেছে। তবে নতুন এই উদ্যোগ নিঃসন্দেহে সরকারি চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করে তুলবে।এক স্বাস্থ্য আধিকারিকের কথায়, “বোন ব্যাঙ্ক চালু হলে সাধারণ মানুষ আরও সুলভে এবং দ্রুত হাড় প্রতিস্থাপনের সুবিধা পাবেন। এটি অনেকের কাছে জীবনদায়ী হয়ে উঠতে পারে।” ফলত বলা যায়, বাংলার স্বাস্থ্য পরিকাঠামোয় ‘বোন ব্যাঙ্ক’ এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছে। এই উদ্যোগ কেবল চিকিৎসা পরিষেবার মান বাড়াবে না, পাশাপাশি রোগীদের আস্থা ও স্বস্তিও বহুগুণ বাড়াবে।
