Durand Cup Final:ডুরান্ড ফাইনালে ডায়মন্ড হারবার বনাম নর্থইস্ট, এগিয়ে কে?

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ডুরান্ড কাপের অভিষেকেই ফাইনালে (Durand Cup Final) পৌঁছেছে ডায়মন্ড হারবার এফসি। সেমিফাইনালে শক্তিশালী ইস্টবেঙ্গলকে হারিয়ে আত্মবিশ্বাসী কিবু ভিকুনার দল। কোচ কিবু ভিকুনার নেতৃত্বে আজ এই জায়গায় পৌঁছেছে ডায়মন্ড দল। কলকাতা লিগের প্রথম ডিভিশনে থেকে মাত্র পাঁচ বছরের যাত্রাপথে ডায়মন্ডের আজ এই জায়গায় পৌঁছেছে। যদিও পূর্ণশক্তির দল পাচ্ছে না ডায়মন্ড হারবার। আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ক্লেটন সিলবা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছেন হোলিচরণ নার্জারিও। নর্থইস্ট ইউনাইটেডেরও পুরো দল এখনও পৌঁছয়নি।

আরও পড়ুন : Sachin Tendulkar : প্রথমবার পুত্রবধূ সানিয়া সঙ্গে ছবি শেয়ার করলেন শচীন, রয়েছেন সারা-অঞ্জলিও 

ফাইনালের (Durand Cup Final) আগে সাংবাদিক সম্মেলনে ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনা বলেন, “আমরা ফাইনালে পৌঁছতে পেরে খুবই খুশি। তবে আমরা লড়াই চালিয়ে যাব এবং নিজেদের একশো শতাংশ দেব। টিমের উপর প্রত্যাশার চাপ নেই। তবে বাংলা থেকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান নেই, আমরা একা বাংলার প্রতিনিধিত্ব করছি, এটার চাপ আছে। বাংলায় ট্রফি আনার দায়িত্বও আছে। সামনে ISL না আইলিগের কোন দল আছে সেটা ব্যাপার নয়। আমরা ফাইনালে যখন উঠেছি জেতার জন্য ঝাঁপাব। ফুটবল এমন একটা খেলা যেখানে কেউ ফেভারিট নয়। ফেভারিট দলও হারতে পারে আমরা দেখিয়েছি।আমার দলের নতুন ছেলেরা দুর্দান্ত লড়াই করছে। নতুন মানে এই নয় যে তারা ভালো নয়। তারা নিজেদের প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। লড়াই করলে এবং পরিকল্পনা মাফিক চললে ফুটবলে যা কিছু ঘটতে পারে। সব সময় সেরা দল জেতে না।”

কিবু আরও যোগ করেছেন, “আমরা জানি নর্থইস্ট ইউনাইটেড চ্যাম্পিয়ন দল। দুর্দান্ত দল ও তাদের কোচও ভালো। তবে আমরাও সম্মানের সঙ্গে আমাদের খেলা খেলব।” নর্থইস্ট ইউনাইটেড এফসি কোচ পেদ্রো বেনালির বক্তব্য, “ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গলকে হারিয়ে আসছে, যারা অন্যতম সেরা দল। আমি মনে করি না আমরা সেরা দল। এটা ফাইনাল, এখানে কোনও সেরা দল, ফেভারিট দল হয় না। মনস্তাত্ত্বিক খেলা, যারা মানসিক ভাবে শক্তিশালী তারাই জিতবে এই ফাইনাল। আমার দলকে অনেক ট্রাভেল করতে হয়েছে। কোয়ার্টার ফাইনাল খেলেছি কোকরাঝাড়ে, শিলংয়ে সেমিফাইনাল, আর ফাইনাল খেলতে হচ্ছে কলকাতায়। মাঝে বাসে করে ট্রাভেল করাটা খেলোয়াড়দের জন্য চাপের ছিল। পুরো টিম আগে আসেনি। ম্যাচের আগের দিনই তারা এসেছে। অনুশীলন সেরেই কলকাতায় এসেছি আমরা। ৫০ মিনিটের বিমানযাত্রা, বাস যাত্রার থেকে অনেক ভালো।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole