নিউজ পোল ব্যুরো: আজ, শুক্রবার কলকাতার পরিবহণ ব্যবস্থায় নতুন ইতিহাস তৈরী হল। শহরের বুকে একসঙ্গে চালু হল তিনটি নতুন মেট্রো রুট। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রতীক্ষিত সংযোজন নিঃসন্দেহে শিয়ালদহ–এসপ্ল্যানেড মেট্রো করিডর। এই রুট চালু হওয়ার ফলে সরাসরি হাওড়া স্টেশন থেকে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছে যাওয়া সম্ভব হবে, যা দীর্ঘদিন ধরেই শহরবাসীর অন্যতম স্বপ্ন ছিল।
আরও পড়ুন: Kolkata Metro :কবি সুভাষ থেকে বিমানবন্দর, মেট্রোর নতুন রুটে কত ভাড়া পড়বে?
শুধু তাই নয়, হাওড়াবাসীর জন্য এদিন ছিল আরও একটি বিশেষ উপহার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেট্রো রুটগুলির পাশাপাশি হাওড়া স্টেশনের নতুন একটি সাবওয়ের উদ্বোধনও করেন। এই সাবওয়ের ফলে হাওড়া মেট্রো স্টেশন সরাসরি যুক্ত হল হাওড়া রেল স্টেশনের সঙ্গে। ফলে যাত্রীরা মেট্রো থেকে নেমেই সহজে সাবওয়ে ধরে চলে আসতে পারবেন হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের বাইরের গেটে। সেখান থেকে সরাসরি পৌঁছনো যাবে ১ থেকে ১৫ নম্বর প্ল্যাটফর্মে।

যাত্রীদের সুবিধার্থে প্ল্যাটফর্মের প্রবেশমুখেই তৈরি হয়েছে টিকিট কাউন্টার, যেখানে শহরতলির ট্রেনের টিকিট পাওয়া যাবে। আবার নিউ কমপ্লেক্সের দিকের ১৭ থেকে ২৩ নম্বর প্ল্যাটফর্মেও যাত্রীরা হাঁটতে হাঁটতে পৌঁছে যেতে পারবেন।সবচেয়ে বড় স্বস্তির খবর হল, এখন থেকে হাওড়া থেকে শিয়ালদহ যাত্রা মাত্র ১১ মিনিটেই সম্ভব। এত দিন এই রুটে নির্ভর করতে হত বাসের ওপর, যেখানে ভ্রমণ সময়ে এক ঘণ্টারও বেশি লেগে যেত। মেট্রো চালু হওয়ার ফলে সেই যন্ত্রণা থেকে মুক্তি মিলল শহরবাসীর। শুধু তাই নয়, ইস্ট–ওয়েস্ট মেট্রো পরিষেবা পুরোপুরি চালু হয়ে গেলে কলকাতার দুই প্রধান অফিসপাড়া—এসপ্ল্যানেড চত্বর এবং সল্টলেক সেক্টর ফাইভ—যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে। আগে যেখানে এসপ্ল্যানেডে অফিসযাত্রীদের জন্য মেট্রো ধরার সুবিধা ছিল কেবল হাওড়া স্টেশন থেকে, এখন সেই সুবিধা মিলবে শিয়ালদহ স্টেশন থেকেও।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
একইভাবে, হাওড়া থেকে সরাসরি মেট্রোয় চেপে মাত্র ৩৫ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে কলকাতার তথ্যপ্রযুক্তি কেন্দ্র সেক্টর ফাইভে। সবথেকে আশ্চর্যের বিষয়, এই যাত্রার সম্ভাব্য খরচ হবে মাত্র ৩০ টাকা।ফলত স্পষ্ট, এই নতুন মেট্রো পরিষেবা শুধুমাত্র দৈনন্দিন যাত্রাকে আরও দ্রুত, সাশ্রয়ী ও আরামদায়ক করবে না, বরং কলকাতার পরিবহণ পরিকাঠামোয় এক যুগান্তকারী পরিবর্তন আনবে।
