Raj Chakraborty: রাজ চক্রবর্তী কেন ধারাবাহিকভাবে অনুপস্থিত টলিউডের বৈঠকে? দিলেন ব্যাখ্যা

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে যখন টলিউডের নামজাদা প্রযোজক-পরিচালক-অভিনেতারা একজোট হচ্ছেন, তখনই অনুপস্থিত থাকছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। গত সপ্তাহে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে প্রাইম টাইম শো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। সেখানেও ছিলেন না তিনি।
বৈঠকের পর নতুন কমিটি গঠিত হয়—তাতেও নাম নেই তাঁর। বৃহস্পতিবার পুজোর আগে সেই নতুন সিনেমা স্ক্রিনিং কমিটি প্রথম বৈঠক করে। কিন্তু রাজ চক্রবর্তীকে (Raj Chakraborty) সেখানেও দেখা যায়নি। ফলে প্রশ্ন উঠছে, টলিউডের এই গুরুত্বপূর্ণ সময়ে কেন তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন?

আরও পড়ুন: Salman-Katrina: সলমন খানের এক মন্তব্যেই চুপ ক্যাটরিনা!

এই প্রশ্নে মুখ খোলেন পরিচালক-প্রযোজক তথা বিধায়ক রাজ। তাঁর দাবি, “আলোচনায় না থাকলেও ইন্ডাস্ট্রির পাশে সব সময় আছি।” তিনি ব্যস্ততার কারণও খোলাখুলি জানান। রাজের কথায়, “একা হাতে অনেক কিছু সামলাতে হয়। ফলে ইচ্ছে থাকলেও প্রতিটি বৈঠকে সময় বের করা সম্ভব হয় না।”

উদাহরণ হিসেবে তিনি জানান, নির্বাচনী কেন্দ্র ব্যারাকপুরে টানা কয়েক দিন তাঁকে উপস্থিত থাকতে হয়েছে। একই সঙ্গে নতুন প্রতিভাদের নিয়ে সাত দিনের একটি কর্মশালার আয়োজন করেছেন। দেবাশিস রায়ের তত্ত্বাবধানে সেখানে টলিউডের তরুণ অভিনেতারা যেমন রোহন ভট্টাচার্য, ওম সাহানি, জন ভট্টাচার্য, অভীকা মালাকাররা অংশ নিয়েছেন, তেমনি এক ঝাঁক নতুন মুখও হাজির হয়েছেন। সেই কর্মশালার খুঁটিনাটি নিয়েও ব্যস্ত ছিলেন তিনি।

অন্যদিকে, টলিপাড়ায় জল্পনা তুঙ্গে—শীঘ্রই শুরু হবে ‘আবার প্রলয় ২’-এর শুটিং। সেই ছবির প্রস্তুতিও এখন সামলাতে হচ্ছে রাজকে। ফলে এত কিছুর মধ্যে সময়ের অভাবই তাঁকে বৈঠক থেকে দূরে রাখছে।

তবে তিনি স্পষ্ট করে দেন, “একটা কেন, প্রয়োজনে একাধিক বৈঠকে আমি থাকতে নাও পারি। কিন্তু তার মানে এই নয় যে আমি ইন্ডাস্ট্রির পাশে নেই। প্রত্যক্ষ বা পরোক্ষ—সব ভাবেই আমি টলিউডের সঙ্গে আছি। আমার কাছে ইন্ডাস্ট্রি মন্দির। টলিউডের উন্নতি মানে একা আমার নয়, আমাদের সবার উন্নতি।”

রাজ আরও জানান, এ বছরেই শুরু হতে পারে ‘আবার প্রলয় ২’-এর শুটিং। পাশাপাশি, নতুন একাধিক ছবি নিয়েও কাজ চলছে। অর্থাৎ পরিচালকের হাতে আগামী দিনে বড়পর্দায় চমক থাকছে।

সব মিলিয়ে বৈঠকে অনুপস্থিত থাকলেও রাজের দাবি, তিনি টলিউডের উন্নতিতে সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কাজের চাপই তাঁকে দূরে রাখছে, তবে ইন্ডাস্ট্রির ভাল-মন্দে তিনি সব সময় পাশে আছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole