Submarine: প্রজেক্ট ৭৫ ইন্ডিয়া’: ভারতীয় নৌবাহিনীর শক্তিতে যোগ হচ্ছে জার্মান প্রযুক্তি

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারত-জার্মানি যৌথ উদ্যোগে সাবমেরিন তৈরির বড়সড় প্রস্তুতি শুরু করেছে কেন্দ্র। দীর্ঘ ছ’মাসেরও বেশি সময় ধরে আটকে থাকার পর অবশেষে প্রতিরক্ষা মন্ত্রক ও মাজাগন ডকইয়ার্ডস লিমিটেডকে (MDL) আলোচনায় এগোনোর সবুজ সংকেত দিল কেন্দ্র। জার্মান সংস্থা থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস–এর সঙ্গে অংশীদারিত্বে তৈরি হবে আধুনিক প্রযুক্তির ছ’টি সাবমেরিন। এগুলি নির্মিত হবে ‘প্রজেক্ট ৭৫ ইন্ডিয়া’র অধীনে এবং সম্পূর্ণভাবে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে কেন্দ্র করে। প্রকল্পটির আনুমানিক খরচ ধরা হচ্ছে প্রায় ৭০ হাজার কোটি টাকা।

এই সাবমেরিনগুলির মূল আকর্ষণ হবে এয়ার-ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন (AIP) সিস্টেম। ফলে একটিও বার উপরে না উঠে টানা প্রায় তিন সপ্তাহ জলের তলায় টহল দিতে পারবে এগুলি। ভারতীয় নৌবাহিনীর আধুনিকীকরণে এটি হবে এক বিরাট পদক্ষেপ। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শেষের দিক থেকেই ভারত ও জার্মানির মধ্যে প্রাথমিক স্তরের আলোচনা শুরু হবে। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী ছ’মাসের মধ্যেই চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।  পাশাপাশি ভারত ইতিমধ্যেই দুটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির প্রক্রিয়ায় হাত দিয়েছে। সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে লারসেন অ্যান্ড টুব্রো এবং ভিজাগের সাবমেরিন বিল্ডিং সেন্টার। অর্থাৎ দেশীয় সংস্থাগুলিকেও সমানভাবে এই প্রকল্পগুলিতে যুক্ত করা হচ্ছে, যাতে প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতা বাড়ানো যায়।

আরও পড়ুন: SSKM: এসএসকেএম-এ চালু হচ্ছে ‘বোন ব্যাঙ্ক’

সাম্প্রতিক সময়ে ভারত মহাসাগরে চিনের নৌসেনার ক্রমবর্ধমান উপস্থিতি ও শক্তিবৃদ্ধি দিল্লির কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে বেজিং দ্রুত সাবমেরিন ও যুদ্ধজাহাজ আধুনিকীকরণে জোর দিয়েছে। সেই চাপ সামলাতেই ভারতও পালটা প্রস্তুতি নিচ্ছে। উচ্চপর্যায়ের বৈঠকে ঠিক হয়েছে, আগামী দশকের মধ্যে ভারতীয় নৌবাহিনীর অন্তত ১০টি পুরনো সাবমেরিন অবসরে পাঠানো হবে এবং সেই শূন্যস্থান পূরণে নতুন সাবমেরিন অন্তর্ভুক্ত করা হবে। কেন্দ্রের এই নতুন উদ্যোগ শুধু ভারতীয় নৌবাহিনীর শক্তি বাড়াবে তাই নয়, দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দেবে। বিশেষজ্ঞদের মতে, জার্মান প্রযুক্তি এবং ভারতীয় কারিগরির সংমিশ্রণ আগামী দিনে ভারত মহাসাগরে নৌ-শক্তির ভারসাম্য নতুনভাবে তৈরি করবে। ফলে একদিকে যেমন চিনের মোকাবিলায় ভারতের অবস্থান দৃঢ় হবে, তেমনই প্রতিরক্ষা খাতে আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্নও আরও এক ধাপ এগোবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole