India US Relations: শুল্কের ছোবল! ভারতীয় রপ্তানিতে মার্কিন ‘ট্রাম্প-কার্ড’, মোদী দফতরে জরুরি বৈঠকের তৎপরতা

দেশ

নিউজ পোল ব্যুরো: আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের উত্তাল সমুদ্রে ফের বড় ঢেউ তুললেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তার ঘোষণামাফিক, বুধবার (২৭ আগস্ট) থেকে মার্কিন বাজারে প্রবেশ করা ভারতীয় পণ্যের (India US Relations) উপর লাগু হচ্ছে ৫০ শতাংশ শুল্ক। যা বর্তমানে বিদ্যমান ২৫ শতাংশ থেকে দ্বিগুণ! স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে রপ্তানিমুখী ভারতীয় শিল্পের কপালে চিন্তার ভাঁজ।

আরও পড়ুন: Calcutta High Court: ‘হিসেব না দিলে বন্ধ হোক অনুদান’, পুজো অনুদান নিয়ে রাজ্যকে চরম বার্তা হাইকোর্টের

এই হঠাৎ চাপানো শুল্কবৃদ্ধির (India US Relations) জেরে কীভাবে রপ্তানিকারী সংস্থাগুলিকে রক্ষা করা যায়, কোন পথ অবলম্বন করলে ক্ষয়ক্ষতি সামাল দেওয়া যাবে, তা নিয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) প্রধানমন্ত্রী দফতরে (PMO) ডাকা হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের নেতৃত্বে এই ‘হাই ভোল্টেজ’ বৈঠকে অংশ নেবেন বাণিজ্য মন্ত্রক, শিল্প মন্ত্রক, রপ্তানিকারক সংস্থা ও সংশ্লিষ্ট সহযোগী সংগঠনগুলি।

সূত্রের খবর, ইতিমধ্যেই ব্যবসায়িক সংগঠনগুলি জানিয়ে দিয়েছে, অতিরিক্ত শুল্কের (India US Relations) ফলে তাদের লাভের মার্জিন কমছে। অনেক সংস্থা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। বিদ্যমান ২৫ শতাংশ শুল্কই ইতিমধ্যে ধাক্কা দিয়েছিল ভারতের রপ্তানি খাতে। সেই চাপ দ্বিগুণ হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

এই অবস্থায় মূলত দুটি প্রশ্ন উঠছে, এক, কীভাবে ভারত এই শুল্কচাপের মোকাবিলা করবে? দুই, আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে ভারসাম্য ফিরিয়ে আনা কতটা সম্ভব? ট্রাম্প প্রশাসনের দাবি, ভারত (India) রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার মাধ্যমেই ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) পৃষ্ঠপোষকতা করছে। এই যুক্তিতে দ্বিতীয় দফায় ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিল তারা। তবে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, রাষ্ট্রীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই তেল কেনা হবে। শুধু ভারত নয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে চিন পর্যন্ত রাশিয়ার তেলের বড় ক্রেতা। এমনকি আমেরিকাও রুশ পণ্য কিনছে। তাই শুধু ভারতের উপর শুল্ক চাপানো সর্বাংশে পক্ষপাতদুষ্ট বলেই মনে করছে কূটনৈতিক মহল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole