নিউজ পোল ব্যুরো: বয়স ১০২, হৃদযন্ত্রের সমস্যা, অসুস্থতা এসব কোনো বাধাই নয়, প্রমাণ করে দিলেন জাপানের কোকিচি আকুজাওয়া(Kokichi Akuzawa)। এই প্রবীণ পর্বতারোহী সম্প্রতি জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট ফুজির(Mount Fuji) শিখরে চড়ে বিশ্বরেকর্ড স্থাপন করেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসও(Guinness World Record) স্বীকৃতি দিয়েছে কোকিচিকে সবচেয়ে বয়স্ক ব্যক্তির হিসেবে যিনি মাউন্ট ফুজির চূড়ায় পৌঁছেছেন।
আরও পড়ুন: Mother Tereja: কলকাতার গর্ব মাদার টেরিজা, সারাটা জীবন শুধু সেবাই করেছেন

কোকিচির বয়স এবং অসুস্থতা সত্ত্বেও তার দৃঢ়সংকল্পকে ভাঙতে পারেনি। তিনি আগেও বেশ কয়েকবার ৩৭৭৬ মিটার উঁচু ফুজির শিখরে উঠেছেন। শেষবার তিনি চড়েছিলেন ৯৬ বছর বয়সে, তাই পাহাড়ের দৃশ্য তার কাছে নতুন নয়।জন্ম ১৯২৩ সালে, কোকিচির কাছে পর্বতারোহণ কেবল শখ নয়, বরং জীবনধারার অংশ। মধ্য জাপানের(Japan) গুনমা অঞ্চলে গবাদি পশুর খামার পরিচালনা করা ছাড়াও তিনি বৃদ্ধাশ্রমে স্বেচ্ছাসেবক এবং শিশুদের ছবি আঁকা শেখান। অবশ্য এবারের অভিযানটা শুরু হওয়ার আগে কোকিচি কিছুটা বিপদে পড়েছিলেন।

জানুয়ারিতে বাড়ির কাছে পাহাড়ে ওঠার সময় তিনি হোঁচট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। পরিবার খুব চিন্তিত ছিলেন, কিন্তু কোকিচির অদম্য মানসিকতা তাকে প্রস্তুতি নিয়ে মাউন্ট ফুজিতে(Mount Fuji) চড়ার জন্য অনুপ্রাণিত করেছিল। চিকিৎসকরাও অবাক, ১০২ বছর বয়সে তিনি এত দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

সুস্থ হওয়ার পর কোকিচি প্রতিদিন ভোরে এক ঘণ্টা হাঁটতেন এবং প্রায় প্রতি সপ্তাহে একটি পাহাড়ে ওঠার অভ্যাস চালিয়ে যান। এইবার তিন দিনে তিনি ফুজি আরোহন সম্পন্ন করেন। পথে দু’রাত কুঁড়েঘরে কাটাতে হয়েছে, এবং উচ্চতা কিছুটা কাবু করেছিল, তবু সহযাত্রী, নার্স ও নাতনির সহযোগিতায় তিনি চূড়ায় পৌঁছান। কোকিচি আকুজাওয়ার এই কীর্তি প্রমাণ করে বয়স শুধু সংখ্যা, আর স্বপ্ন, সাহস ও দৃঢ়চেতা কোনো বয়সে সীমিত নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
