West Bengal Govt : প্রসূতিমৃত্যু ঠেকাতে নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর

আইন স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: প্রসূতিমৃত্যু রুখতে ফ্লুইড থেরাপি(Fluid Therapy) নিয়ে নয়া পথে হাঁটছে রাজ্য স্বাস্থ্যদফতর। সাম্প্রতিককালে সিজারের পরেই মৃত্যুর ঘটনা উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসক মহলে। বিশেষ করে মেদিনীপুর(Medinipur) মেডিক্যাল কলেজ ও সাগর দত্ত (Sagar Dutta)সহ একাধিক সরকারি হাসপাতালে ঘটে যাওয়া পরপর মৃত্যুর ঘটনায় ফ্লুইড ম্যানেজমেন্টকে(fluid management) ‘ভিলেন’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

আরও পড়ুন : President Draupadi Murmu : টানা দ্বিতীয়বার ডুরান্ড জয়ী নর্থইস্ট ইউনাইটেডকে সম্মান জানালেন রাষ্ট্রপতি মুর্মু

প্রসূতির শরীরে স্যালাইন, রিঙ্গার্স ল্যাকটেট কিংবা ডেক্সট্রোজ প্রয়োগে সামান্য ভুলও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে এমনই সতর্কবার্তা দিলেন বিশেষজ্ঞরা। তাই এবার কঠোর নির্দেশিকা জারি করল স্বাস্থ্যদফতর।নতুন গাইডলাইন অনুযায়ী, সিজারের আগে ও পরে প্রসূতিদের জন্য ফ্লুইড ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন বাধ্যতামূলক। রিঙ্গার্স ল্যাকটেট ব্যবহারের ক্ষেত্রেও পরিষ্কার ও স্বচ্ছ ফ্লুইড ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্রিস্টালয়েড ও কোলয়েড ফ্লুইড ব্যবহার পুরোপুরি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, অতিরিক্ত বা কম ফ্লুইড প্রয়োগে হাইপো-হাইপার ভোলেমিয়ার ঝুঁকি তৈরি হয়। এর ফলে হঠাৎ শ্বাসকষ্ট, হার্ট ফেইলিওর বা শকের মতো প্রাণঘাতী পরিস্থিতি দেখা দিতে পারে।

স্বাস্থ্য দফতরের নির্দেশে বলা হয়েছে, প্রসূতির শারীরিক অবস্থা অনুযায়ী ফ্লুইডের পরিমাণ ও সীমা নির্ধারণ করতে হবে। বিশেষ করে প্রি-এক্ল্যাম্পসিয়া বা হৃদরোগে আক্রান্ত প্রসূতিদের ক্ষেত্রে ফ্লুইড প্রয়োগে বাড়তি সতর্কতা প্রয়োজন। এ জন্য সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ম মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে।এই নির্দেশিকায় স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার যৌথ স্বাক্ষর রয়েছে। ইতিমধ্যেই এটি সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, গাইডলাইন(guideline) কঠোরভাবে মানা হলে সিজার পরবর্তী প্রসূতিমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমবে এবং মায়ের নিরাপত্তা নিশ্চিত হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole