আগামী ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, SSC-কে শীর্ষ আদালত কড়া নির্দেশ দিয়ে বলল, ‘আদালত নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখছে’

breakingnews কলকাতা শিক্ষা

নিউজ পোল ব্যুরো: ২৬ হাজারের চাকরি বাতিল নিয়ে উত্তাপ এখনও অব্যহত রয়েছে। সেই SSC মামলাতে শীর্ষ আদালতের কাছে ফের সমালোচনার মুখে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্ট ২৬ হাজারের চাকরি বাতিলের মামলায় দিয়েছে বড় নির্দেশ। সেই সঙ্গেই বেঁধে দিয়েছে সময়ও। শীর্ষ আদালত সাফ জানিয়েছে আগামী ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র বেঞ্চের তরফে রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনকে কড়া নির্দেশ দিয়ে জানিয়েছে সুপ্রিম কোর্ট নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে তার উপর কড়া নজর রাখছে। সেই সঙ্গেই আদালত জানিয়েছে ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে।। চিহ্নিত অযোগ্যদের নাম ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট কড়া বার্তা দিয়ে জানিয়েছে, যদি অযোগ্যরা পরিক্ষায় বসে তাহলে রাজ্যকে ফল ভুগতে হবে রাজ্যকে। SSC-এর উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন করেন, কেন এখনও অযোগ্যদের নাম প্রকাশ করা হয়নি? কেন অযোগ্যদের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কমিশন?

২০১৬ সালের SSC-এর গোটা প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছিল দুর্নীতির পরিমাণ এতটাই যে যে আলাদা করে যোগ্য-অযোগ্যদের বাছাই করা সম্ভব নয়। শীর্ষ আদালতের নির্দেশের পরেই বাংলা জুড়ে ঝড় ওঠে। হকের চাকরি ফেরাতে আন্দোলনে নামেন চাকরিহারা। তার পর বহু জল গড়িয়েছে। নতুন করে পরিক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। সূচি অনুযায়ী আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হবে বলেই শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে।