নিউজ পোল ব্যুরো:সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে প্রযুক্তি। এরই মধ্যে বিশ্বজুড়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)। গুগল(Google), ফেসবুক(Facebook), মাইক্রোসফটের(Microsoft) মতো জায়ান্ট সংস্থা বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করছে এআই(AI)–এ। ফলে অনেক কাজ এখন প্রযুক্তির হাতে চলে যাচ্ছে, কর্মী ছাঁটাই হচ্ছে একের পর এক। অনেকেই তাই কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিজ্ঞানের ‘অভিশাপ’ বলেই মনে করছেন। তবে এবার এই ধারণা ভাঙতে উদ্যোগী হল চ্যাটজিপিটি(ChatGPT)। ওপেনএআই(Open AI) ঘোষণা করেছে, এআই শুধু কাজ কেড়ে নেবে না, বরং কাজ দিতেও সাহায্য করবে। আগামী বছর, অর্থাৎ ২০২৬-এর মাঝামাঝি সময়েই আসছে নতুন একটি চাকরি খোঁজার প্ল্যাটফর্ম, যা সম্পূর্ণ এআই নিয়ন্ত্রিত হবে।
আরও পড়ুন: Durga Puja 2025 : দেশি-বিদেশি পাতা, ছাল আর ফলেই তৈরি হচ্ছে অভিনব দুর্গা প্রতিমা
বর্তমানে চাকরি খোঁজার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম লিঙ্কডিন(LinkedIn)। তবে ওপেনএআই-এর দাবি, তাদের নয়া প্ল্যাটফর্ম সরাসরি লিঙ্কডিনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। শুধু তাই নয়, এটি নিয়োগকর্তাদের উপযুক্ত প্রার্থী খুঁজে পেতে এবং চাকরিপ্রার্থীদের সঠিক সুযোগ পেতে সাহায্য করবে। ওপেনএআই(Open AI)-এর সিইও ফিজি সিমো একটি পোস্টে জানিয়েছেন, এআই ব্যবহার করে যাতে প্রতিটি সংস্থা তাদের প্রয়োজন মতো কর্মী খুঁজে পায়, সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে এই প্ল্যাটফর্ম। শুধু বড় সংস্থা নয়, ছোট ব্যবসায়ী থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানও এখান থেকে কর্মী খুঁজে পাবে।
চ্যাটজিপিটি (ChatGPT)তৈরিকারী ওপেনএআই(Open AI)কিন্তু এখানেই থেমে নেই। সংস্থার আরেক সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, চাকরির প্ল্যাটফর্ম ছাড়াও তারা আরও কয়েকটি নতুন অ্যাপ্লিকেশন তৈরি করছে। এর মধ্যে রয়েছে একটি নতুন ওয়েব ব্রাউজার এবং একটি সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ। সংস্থার দাবি, এগুলি ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে এবং প্রযুক্তি জগতে আরও একটি বড় পরিবর্তন আনবে। যেখানে একদিকে এআই চাকরি কমাচ্ছে বলে বিতর্ক চলছে, ঠিক সেই সময় চাকরি খোঁজা এবং নিয়োগের জন্য বিশেষভাবে তৈরি একটি এআই-চালিত প্ল্যাটফর্ম নিঃসন্দেহে প্রযুক্তি দুনিয়ায় আশার আলো দেখাচ্ছে। এখন দেখার বিষয়, ওপেনএআই-এর এই উদ্যোগ ভবিষ্যতে কতটা সফল হয় এবং সত্যিই লিঙ্কডিনের(LinkedIn) মতো প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মকে টক্কর দিতে পারে কিনা।
