নিউজ পোল ব্যুরো: চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Clerk 2025) আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল ক্লার্ক পদে জুনিয়র অ্যাসোসিয়েটস নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ। ২০২৫ সালের সেপ্টেম্বরের ২০, ২১ এবং ২৭ তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মোট ৬,৫৮৯টি শূন্যপদ পূরণ করা হবে, যার মধ্যে রয়েছে ৫,১৮০টি নিয়মিত এবং ১,৪০৯টি ব্যাকলগ ভ্যাকেন্সি। অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ পাওয়া যাবে প্রবেশপত্র ও পরীক্ষার যাবতীয় তথ্য। খুব শিগগিরই অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
আরও পড়ুন:Nusrat Jahan: মা হওয়ার পর বদলে গেছে নুসরতের পুজো, ঈশানের চোখে নতুন করে উৎসব দেখছেন অভিনেত্রী
পদগুলির বণ্টন অনুযায়ী সাধারণ শ্রেণীতে রয়েছে ২,২৫৫টি আসন, তপশিলি জাতিতে ৭৮৮, তপশিলি উপজাতিতে ৪৫০, অন্যান্য অনগ্রসর শ্রেণীতে ১,১৭৯ এবং ইকনমিক্যালি উইকার সেকশনে রয়েছে ৫০৮টি আসন। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা পাবেন মাসে ২৪,০৫০ টাকা থেকে ৬৪,৪৮০ টাকা পর্যন্ত বেতন, তার সঙ্গে যুক্ত থাকবে নানা ভাতা ও সুবিধা। সরকারি ব্যাঙ্কের (SBI Clerk 2025) স্থায়ী চাকরি হওয়ায় এই সুযোগকে হাতছাড়া করতে চাইছেন না কেউই।
পরীক্ষার কাঠামোতেও রয়েছে কিছু পরিবর্তন। প্রিলিমিনারি (SBI Clerk 2025) পরীক্ষা হবে অনলাইনে এবং থাকবে মোট ১০০ নম্বর। এর পর মূল পরীক্ষা হবে ২০০ নম্বরের, যেখানে থাকবে ১৯০টি প্রশ্ন। মূল পরীক্ষার সময়সীমা নির্ধারিত হয়েছে ২ ঘণ্টা ৪০ মিনিট। যাঁরা দশম বা দ্বাদশ শ্রেণীতে স্থানীয় ভাষা পড়েননি, তাঁদের জন্য বাধ্যতামূলক ল্যাঙ্গুয়েজ টেস্টও দিতে হবে। মূল পরীক্ষায় সাধারণ জ্ঞান ও আর্থিক সচেতনতা, যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা, ইংরেজি ভাষা এবং কম্পিউটার অ্যাপটিটিউড থেকে প্রশ্ন আসবে।
সময় এখন আর বেশি নেই। হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন। বিশেষজ্ঞদের মতে, এ সময় মক টেস্ট দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। নিয়মিত ২ থেকে ৩টি করে মক টেস্ট অনুশীলন করলে পরীক্ষার প্রস্তুতি আরও মজবুত হবে। কম্পিউটারের সামনে ঘড়ি ধরে পরীক্ষা দেওয়ার অভ্যাস করলে বাস্তব পরীক্ষায় চাপ সামলানো অনেক সহজ হবে। মক টেস্টের (SBI Clerk 2025) মাধ্যমে দুর্বল জায়গাগুলি চিহ্নিত করে সেই অংশে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনলাইন-অফলাইন সব ধরনের পুরনো প্রশ্নপত্র সমাধান করা দরকার, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার ধরণ ও প্রবণতার সঙ্গে পরিচিত হওয়া যায়।
প্রিলিমিনারি উত্তীর্ণ হওয়ার পরেই মূল পরীক্ষায় বসার সুযোগ পাবেন প্রার্থীরা। আর তাই শেষ মুহূর্তের এই প্রস্তুতিই হতে পারে মূল সাফল্যের চাবিকাঠি। এখন গোটা দেশের চোখ (SBI Clerk 2025)-এর দিকে। কয়েক লক্ষ পরীক্ষার্থীর ভিড়ে নিজের জায়গা করে নেওয়া সহজ নয়, তবে সঠিক কৌশল আর নিয়মিত অনুশীলনেই সম্ভব হবে স্বপ্নের চাকরির দুয়ার খুলে দেওয়া।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
