Charlie Kirk: বক্তৃতার মঞ্চেই মৃত্যু, গুলির আঘাতে লুটিয়ে পড়লেন ট্রাম্পঘনিষ্ঠ চার্লি কার্ক

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: নিঃশব্দে ঘনিয়ে এসেছিল আতঙ্ক, মুহূর্তেই সবকিছু থমকে গেল। আমেরিকার মাটিতে ফের রক্তাক্ত রাজনীতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ঘনিষ্ঠ সহযোগী ও টার্নিং পয়েন্ট ইউএসএ-র প্রতিষ্ঠাতা চার্লি কার্ক (Charlie Kirk) প্রকাশ্য সভায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন। বুধবার (১০ সেপ্টেম্বর), উটাহ ভ্যালি ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে আচমকাই আততায়ীর হামলার শিকার হন এই রক্ষণশীল নেতৃবৃন্দের অন্যতম মুখ।

আরও পড়ুন: Delhi: উৎসবের ভিড়ে ভয়ানক ছক! পাঁচ আইএস জঙ্গি গ্রেপ্তার, উদ্ধার বিস্ফোরক ও রাসায়নিক

ঘটনাটি ঘটে কার্ক (Charlie Kirk) যখন বন্দুক সহিংসতা ও গণহত্যা (mass shooting) নিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন—তখনই সভার মাঝখান থেকে আচমকা একাধিক গুলি ছোঁড়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির আওয়াজের সঙ্গে সঙ্গেই চার্লি তার ঘাড় চেপে ধরেন, এরপর মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই গাড়িতেই তার মৃত্যু হয়। তার পরিবারের সদস্যরাও সেই সময় দর্শক আসনে উপস্থিত ছিলেন।

পুরো ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে—বক্তব্যরত অবস্থায় হঠাৎ গুলির শব্দ, এরপর কার্কের শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এই মর্মান্তিক ঘটনার পর আমেরিকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। ট্রাম্প নিজেই টুইটারে লেখেন, “চার্লি (Charlie Kirk) ছিল আমেরিকার যুব প্রজন্মের পথপ্রদর্শক। ওর মতো কেউ বুঝত না আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। আমি ওকে ভালোবাসতাম। চার্লি, উই লাভ ইউ।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এফবিআই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সংস্থার ডিরেক্টর কাশ প্যাটেল জানিয়েছেন, এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে, তবে তদন্ত চলবে। চার্লি কার্ক কেবল রাজনীতিকই নন, লেখক, মিডিয়া ব্যক্তিত্ব এবং রক্ষণশীল ভাবনার ধারক-বাহক হিসেবে পরিচিত ছিলেন। তার এই নির্মম মৃত্যুর ঘটনায় শুধু রক্ষণশীল মহল নয়, গোটা আমেরিকাই হতবাক।