বিমানবন্দর নিরাপত্তায় বড় রদবদল, মসৃণ ও নিশ্ছিদ্র যাত্রার লক্ষ্যে নতুন নীতি নিচ্ছে CISF

দেশ

নিউজ পোল ব্যুরো: দেশজুড়ে বিমানবন্দরগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পথে বড় পদক্ষেপ নিচ্ছে সিআইএসএফ (CISF)। শুধু নিরাপত্তা নয়, যাত্রীদের অভিজ্ঞতাও যাতে আরও সুরক্ষিত ও চাপমুক্ত হয়, সেদিকেও নজর দেওয়া হচ্ছে সমানভাবে। এই লক্ষ্যে সম্প্রতি কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হয়েছে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা সম্মেলন, যেখানে হাজির ছিলেন সিআইএসএফের (CISF) শীর্ষ আধিকারিকরা।

আরও পড়ুন: Trump Sharif Meeting: দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে টানাপোড়েন, সেপ্টেম্বরে শরিফ-ট্রাম্প বৈঠক, ভারতের উপর চাপ তৈরির ইঙ্গিত?

১১ ও ১২ সেপ্টেম্বর, দুই দিনব্যাপী এই সম্মেলনে মূলত আলোচনা হয় কীভাবে বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তিগত হস্তক্ষেপ এনে তা আরও কার্যকর ও যাত্রীবান্ধব করে তোলা যায়। সম্মেলনের সূচনা করেন আইপিএস অফিসার ও স্পেশাল ডিরেক্টর জেনারেল (APS) শ্রী প্রবীর রঞ্জন এবং আইজি সিআইএসএফ (CISF) শ্রী জোসে মোহন।

বিমানবন্দরের নিরাপত্তা প্রধানরা এই আলোচনায় অংশ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেন—যেমন: নিরাপত্তা চেকিং প্রক্রিয়া আরও মসৃণ করা, এআই (Artificial Intelligence) প্রযুক্তির ব্যবহার করে দীর্ঘ লাইনের সমস্যার সমাধান, সংস্থাগুলির মধ্যে সমন্বয় আরও উন্নত করা এবং যাত্রার অভিজ্ঞতা আরও ঝঞ্ঝাটমুক্ত রাখা।

বিশেষজ্ঞদের মতে, যাত্রীদের অভিজ্ঞতা শুধু নিরাপত্তার উপর নির্ভর করে না, বরং পুরো যাত্রাপথে তারা কতটা মানসিকভাবে চাপমুক্ত থাকছেন, সেটাও সমান গুরুত্বপূর্ণ। সেই কারণেই CISF এখন নিরাপত্তার বাইরেও যাত্রীসেবা এবং ডিজিটাল প্রক্রিয়াকে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে বড় শহরের ব্যস্ত বিমানবন্দরগুলিতে যাত্রী সংখ্যা দিন দিন বাড়ছে। সেই পরিস্থিতি সামাল দিতে ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত মানবসম্পদের সমন্বয়ে একটি নতুন সুরক্ষা বলয় গড়ে তোলা হবে। সিআইএসএফ-এর এই নতুন কৌশল বাস্তবায়িত হলে, বিমানযাত্রা শুধু নিরাপদই নয়, আরও দ্রুত ও আরামদায়ক হয়ে উঠবে, এমনটাই আশা করছে দেশের নিরাপত্তা মহল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole