Chirag Paswan: বিহার বিধানসভা নির্বাচনে সম্মানজনক আসনের দাবিতে চিরাগ পাসোয়ানের কৌশলী চাপ, এনডিএ-তে টানাপোড়েনের ইঙ্গিত

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বিহারের (Bihar) আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজনীতির ময়দানে বাড়ছে উত্তাপ। অক্টোবর-নভেম্বর মাসে ভোট হতে পারে বলে জোর জল্পনা, আর তার আগেই জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে নিজ অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর সভাপতি চিরাগ পাসোয়ান (Chirag Paswan)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন বণ্টনে তার দলকে ‘সম্মানজনক’ সংখ্যা দিতে হবে। এই দাবির প্রশ্নে কোনওরকম আপস তিনি করতে রাজি নন।

আরও পড়ুন: S Jaishankar: ভিসা-বিতর্কের আবহে জবাব কূটনীতির ছকে, নিউ ইয়র্কে জয়শংকর-রুবিও বৈঠকে ‘বন্ধুত্বের বার্তা’ ওয়াশিংটনের

চিরাগের (Chirag Paswan) এই বক্তব্য কার্যত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের উপর চাপ বাড়ানোর কৌশলী চেষ্টা হিসেবেই ধরা হচ্ছে। পাটনায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চিরাগ জানান, নবরাত্রির সময় আসন বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং তিনি আশা রাখেন, এই আলোচনা বন্ধুত্বপূর্ণ পরিবেশেই সম্পন্ন হবে। তবে পাশাপাশি তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, “সম্মানজনক আসনের বিষয়ে আমরা কোনও সমঝোতা করব না।” ২০২০ সালের বিধানসভা নির্বাচনে এলজেপি মাত্র একটি আসনে জয় পেলেও, এবারের অবস্থান একেবারে ভিন্ন। রাজনৈতিক মহলের খবর, এবার চিরাগ অন্তত ৪০টি আসনের দাবি তুলেছেন। বিশেষ করে শাহাবাদ অঞ্চলকে তারা নিশানা করেছেন, যেখানে আগেরবার এনডিএ অত্যন্ত খারাপ ফল করেছিল। চিরাগ (Chirag Paswan) নিজেও এবার সাধারণ (অসংরক্ষিত) আসন থেকেই লড়তে আগ্রহী, এই বার্তা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, দল এবং নিজেকে নিয়ে তার আত্মবিশ্বাস কতটা প্রবল।

অন্যদিকে, বিজেপি (BJP) ও জেডিইউ-র মধ্যে ইতিমধ্যেই প্রায় ২০০ আসনের রূপরেখা তৈরি হয়ে গেছে বলে সূত্রের খবর। বাকি প্রায় ৪৩টি আসন ভাগ হবে এলজেপি (রামবিলাস), জিতনরাম মাঝির হিন্দুস্থান আওয়াম মোর্চা ও উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চার মধ্যে। এনডিএ-তে আসন বণ্টন নিয়ে আলোচনার আগে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠক ঘিরে জল্পনা আরও তীব্র। সবমিলিয়ে, বিহার ভোটের (Bihar Election) আগে আসন বণ্টন কেন্দ্র করে এনডিএ-র অন্দরেই নতুন করে সমীকরণ তৈরি হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole