Ladakh: লাদাখে হিংসাত্মক বিক্ষোভ, মৃত ৪, আহত অন্তত ৭০! শান্তির ডাক সোনম ওয়াংচুকের

দেশ

নিউজ পোল ব্যুরো: ফের জ্বলছে লাদাখ (Ladakh)। পূর্ণ রাজ্যের মর্যাদা-সহ একাধিক দাবিকে ঘিরে সোমবার সকালে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ বিকেলের মধ্যেই রূপ নেয় ভয়াবহ হিংসায়। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন। গুরুতর আহত অন্তত ৭০ জন। প্রশাসন কারফিউ জারি করে লেহ-লাদাখে (Ladakh) ১৪৪ ধারা লাগু করেছে। বিশিষ্ট পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক হিংসা রুখে শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দিয়েছেন।

আরও পড়ুন: SL Bhyrappa: এসএল ভৈরপ্পার প্রয়াণে স্তব্ধ সাহিত্যজগৎ, কন্নড় সাহিত্যের এক কালজয়ী অধ্যায়ের ইতি, শোকপ্রকাশ মোদীর

সকাল থেকেই ‘লেহ অ্যাপেক্স বডি’-র যুব শাখার নেতৃত্বে শুরু হয়েছিল বিক্ষোভ। দীর্ঘদিন ধরে লাদাখবাসীর জন্য সংবিধানের ষষ্ঠ তফসিল কার্যকর, পৃথক পাবলিক সার্ভিস কমিশন, পূর্ণ রাজ্যের মর্যাদা এবং দুটি লোকসভা কেন্দ্রের দাবিতে এই আন্দোলন চলছে। কিন্তু কেন্দ্রের নীরবতায় মানুষের ক্ষোভ দিন দিন বিস্ফোরণমুখী হয়ে উঠছিল। সেই ক্ষোভই এ দিন রাস্তায় উগরে দিল হাজার হাজার বিক্ষোভকারী যুবক-যুবতী।

পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জনতা। ছোঁড়া হয় ইট-পাটকেল। ভাঙচুর করা হয় বহু সরকারি অফিস। আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক পুলিশ গাড়ি ও বিজেপি কার্যালয়ে। জানা গিয়েছে, অনশনরত দুই আন্দোলনকারীর অবস্থার অবনতি হতেই উত্তেজনা চরমে ওঠে। বেকারত্ব, উন্নয়নের অভাব, রাজনৈতিক উপেক্ষার বিরুদ্ধে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা লেহ।

এই ভয়াবহ পরিস্থিতিতে, দীর্ঘদিন ধরে লাদাখের (Ladakh) পরিবেশ ও অধিকার রক্ষায় লড়াই করা ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত সোনম ওয়াংচুক একটি ভিডিওবার্তায় জানান, “আমি গভীরভাবে ব্যথিত। হিংসা কখনও সমাধান হতে পারে না। এই পথে চললে আন্দোলনের আসল উদ্দেশ্য ব্যর্থ হবে।” তিনি সকলকে সংযত থাকার ও শান্তিপূর্ণ আন্দোলনের পথে ফেরার অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, সোনম ওয়াংচুক গত কয়েক বছর ধরে লাগাতার আন্দোলন করে চলেছেন লাদাখের সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে। আলোচনায় কোনও ইতিবাচক সাড়া না মেলায় সপ্তাহখানেক আগে তিনি অনশন শুরু করেন। তার মতে, “সরকারের নীরবতা লাদাখের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।” এখন দেখার, এই রক্তক্ষয়ী পথে হেঁটে আদৌ সমাধান মেলে কি না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole