নিউজ পোল ব্যুরো: পুজোর আগে (Durga Puja) কলকাতার সরকারি হাসপাতালগুলোতে শিশুদের (Children Respiratory Illness)জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বর, গলা ব্যথা, কাশিসহ শ্বাসকষ্টে ভুগছে প্রতিদিন শত শত শিশু। নীলরতন সরকার হাসপাতাল থেকে শুরু করে এসএসকেএম, ন্যাশনাল মেডিক্যাল কলেজ এবং শহরের অন্যান্য সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে শিশুদের ভিড় বেড়ে যাচ্ছে(RSV Outbreak)। অনেক ছোট রোগীকে সরাসরি শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র বা পিকুতে (PIKU) রাখা হচ্ছে, কিন্তু শয্যা সীমিত হওয়ায় পরিবারগুলো সমস্যায় পড়ছে।

চিকিৎসকেরা বলছেন, হঠাৎ রোদ এবং হঠাৎ বৃষ্টির মতো আবহাওয়ার অস্থিরতায় সক্রিয় হয়ে উঠছে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস (RSV)। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ভাইরাসটি দ্রুত ফুসফুসে আক্রমণ করতে সক্ষম। প্রথম দিকে হালকা সর্দি-জ্বরের মতো উপসর্গ দেখা গেলেও চিকিৎসা দেরি হলে এটি মারাত্মক রূপ নিতে পারে, যেমন নিউমোনিয়া বা ব্রঙ্কিওলাইটিস।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হাঁচি-কাশির মাধ্যমে ভাইরাস দ্রুত ছড়াচ্ছে। তাই শিশুদের ভিড়ভাট্টায় নিয়ে যাওয়ার আগে সতর্ক থাকা জরুরি। বড় পুজোর উৎসব, ঘন ভিড়, গরম ও অপরিষ্কার পরিবেশ শিশুদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। শুধু সেপ্টেম্বরে একটি মেডিক্যাল কলেজে অন্তত ১৪ জন শিশু RSV সংক্রমণে ভর্তি হয়েছে। পাশাপাশি অনেক ক্ষেত্রে আরএসভি ও ইনফ্লুয়েঞ্জা একসাথে আক্রমণ করছে, যার ফলে শ্বাসকষ্টের সমস্যা আরও তীব্র হচ্ছে। অনেক শিশুকে অক্সিজেন বা ভেন্টিলেশনের সাহায্যে বাঁচাতে হচ্ছে।

পরামর্শ অনুযায়ী, যদি শিশুর জ্বর টানা তিন দিনের বেশি থাকে বা স্বাভাবিকের তুলনায় বেশি দুর্বল হয়ে পড়ে, তা হলে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে। বাইরে বেরোলে শিশুদের বৃষ্টিতে ভিজতে দেওয়া যাবে না, ঠান্ডা পানীয় ও রাস্তার খাবার এড়িয়ে চলা উচিত। পর্যাপ্ত জল খাওয়ানো, ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা এবং ভিড় এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ। সামান্য সচেতনতা মেনে চললেই শিশুদের বড় বিপদ থেকে রক্ষা করা সম্ভব।
