Chris Wright: ভারতকে শাস্তি নয়, ইউক্রেন যুদ্ধ থামাতেই চায় আমেরিকা! শুল্ক ইস্যুতে সুর নরম করলেন ট্রাম্প-ঘনিষ্ঠ জ্বালানি সচিব

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: আমেরিকার (America) লক্ষ্য ভারতকে শাস্তি দেওয়া নয়, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো! এই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-ঘনিষ্ঠ এবং বর্তমান জ্বালানি সচিব ক্রিস রাইট (Chris Wright)। সাম্প্রতিক এক সাংবাদিক বৈঠকে ক্রিস রাইট স্পষ্ট করে জানিয়েছেন, ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি শাস্তিমূলক নয়, তারা চায় ভারত-আমেরিকা (India America) সম্পর্ক আরও গভীর হোক, বাণিজ্যিক সহযোগিতা আরও প্রসারিত হোক।

আরও পড়ুন: Ladakh: লাদাখে হিংসাত্মক বিক্ষোভে উত্তাল লেহ, কাঠগড়ায় সোনম ওয়াংচুক; কেন্দ্রের পাল্টা অভিযোগ

ভারতের প্রতি তার ‘সহানুভূতিশীল’ মনোভাবের ইঙ্গিত দিয়ে ক্রিস (Chris Wright) বলেন, “আমি ভারতের বড় সমর্থক। আমরা চাই, ভারত রাশিয়ার তেলের (Russian Oil) ওপর নির্ভর না করে বিকল্প উৎস থেকে তেল কিনুক।” তার মতে, বিশ্বে এমন বহু দেশ রয়েছে, যারা জ্বালানি রপ্তানি করে এবং যেখান থেকে ভারত তেল কিনতে পারে। কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল কেনা মানেই মস্কোর যুদ্ধযন্ত্রকে মদত দেওয়া। ক্রিস স্পষ্ট ভাষায় বলেন, “রাশিয়া এমন একটি দেশ, যারা প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। সেখানে থেকে তেল কিনে ভারত ওই অপরাধে পরোক্ষভাবে অংশ নিচ্ছে।”

তবে একইসঙ্গে তিনি (Chris Wright) আশ্বাসও দেন, “আমাদের উদ্দেশ্য ভারতকে ক্ষতিগ্রস্ত করা নয়। আমরা যুদ্ধ চাই না। আমরা চাই, ভারত-আমেরিকার সম্পর্ক আরও দৃঢ় হোক, এবং যৌথভাবে আমরা আন্তর্জাতিক নীতিকে শান্তিমূলক দিশায় এগিয়ে নিয়ে যাই।” অন্যদিকে, আমেরিকার নতুন শুল্কনীতির ফলে ভারতীয় শিল্পে ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে টেক্সটাইল, মূল্যবান রত্ন, গয়না, চিংড়ি ও আসবাবপত্র রফতানির ক্ষেত্রে একাধিক শহরে উৎপাদন কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের সভাপতি এসসি রালহান জানিয়েছেন, অতিরিক্ত শুল্কের চাপে তিরুপুর, নয়ডা ও সুরাটের বহু সংস্থা উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের আমেরিকায় পণ্য রফতানি ৪৩ শতাংশ কমে দাঁড়াতে পারে মাত্র ৪৯.৬ বিলিয়ন ডলারে, যেখানে ২০২৩-২৪ সালে সেই অঙ্ক ছিল ৮৭ বিলিয়ন ডলার। এই অবস্থায় ক্রিস রাইটের বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শুল্কের কাঁটা সরাতে নয়াদিল্লির কূটনৈতিক পদক্ষেপ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole