Ladakh: লাদাখে হিংসাত্মক বিক্ষোভে উত্তাল লেহ, কাঠগড়ায় সোনম ওয়াংচুক; কেন্দ্রের পাল্টা অভিযোগ

দেশ

নিউজ পোল ব্যুরো: আবারও অশান্ত লাদাখ (Ladakh)। রাজ্যের মর্যাদা, সংবিধানের ষষ্ঠ তফসিল, পৃথক পাবলিক সার্ভিস কমিশন ও দুটি লোকসভা কেন্দ্রের দাবিতে লেহ-লাদাখে (Ladakh) বৃহস্পতিবার শুরু হয় এক ‘গণবিক্ষোভ’। শুরুতে শান্তিপূর্ণ হলেও, আন্দোলন আচমকাই রূপ নেয় হিংসায়। পুলিশের সঙ্গে সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ, দফতরে হামলা সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এখনও পর্যন্ত অন্তত ৪ জনের মৃত্যু ও ৭০ জন আহত হওয়ার খবর মিলেছে।

আরও পড়ুন: Ladakh: লাদাখে হিংসাত্মক বিক্ষোভ, মৃত ৪, আহত অন্তত ৭০! শান্তির ডাক সোনম ওয়াংচুকের

জলবায়ু কর্মী ও ‘রিয়েল লাইফ র‍্যাঞ্চো’ সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সোজাসুজি তার বিরুদ্ধেই হিংসা উসকানোর অভিযোগ তোলা হয়েছে। দাবি করা হয়েছে, “আরব বসন্তের আদলে আন্দোলনের ডাক দিয়েছিলেন সোনম। নেতারা তাকে অনশন প্রত্যাহার করতে বললেও তিনি শোনেননি। তার মন্তব্যেই প্রভাবিত হয়ে জনতা হিংসার পথ বেছে নেয়।”

কেবল ওয়াংচুক নন, এই বিক্ষোভে সক্রিয় ভূমিকার জন্য কাঠগড়ায় উঠেছে কংগ্রেস নেতাও। স্থানীয় কংগ্রেস কাউন্সিলর ফুন্টসগ স্ট্যানজিন সেপাগের নামও উঠে এসেছে। তাকে বিক্ষোভস্থলে দেখা গিয়েছে বলে দাবি, যদিও ছবির সত্যতা যাচাই করেনি নিউজপোল বাংলা ডিজিটাল। সরকারি দফতরে, এমনকি বিজেপি (BJP) কার্যালয়েও হামলা হয়েছে। একাধিক পুলিশ ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন পরিস্থিতি সামাল দিতে লেহ-এ কারফিউ জারি করেছে। জারি হয়েছে ১৪৪ ধারা, নিষিদ্ধ করা হয়েছে পাঁচজনের বেশি জমায়েত।

অন্যদিকে, আন্দোলনের হিংসাত্মক রূপ দেখে হতাশ সোনম ওয়াংচুক নিজেই এক ভিডিওবার্তায় বলেন, “আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, লেহ-তে মারাত্মক হিংসা ছড়িয়েছে। পুলিশ এবং সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে। এটি কাম্য নয়।” উল্লেখ্য, সোনম ওয়াংচুক বহুদিন ধরেই লাদাখবাসীর (Ladakh) সাংবিধানিক অধিকার এবং পরিবেশ রক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। তবে এবার তারই নেতৃত্বাধীন শান্তিপূর্ণ প্রতিবাদ যে এতটা ভয়ংকর মোড় নেবে, তা কল্পনা করেননি কেউই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole