Pakistan: সন্ত্রাসে মদতের দায়ে পাকিস্তানকে কড়া বার্তা সেনাপ্রধানের, প্রস্তুতি নিচ্ছে ভারত

দেশ

নিউজ পোল ব্যুরো: পাকিস্তান (Pakistan) যদি আন্তর্জাতিক মানচিত্রে তার অস্তিত্ব বজায় রাখতে চায়, তাহলে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করতেই হবে, এমনই কড়া বার্তা দিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দেশের সুরক্ষা এবং সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে এক বক্তব্যে তিনি বলেন, “ভারত এবার সম্পূর্ণ প্রস্তুত। আগের মতো সংযম নয়, এবার প্রত্যুত্তর হবে কঠোর এবং সুপরিকল্পিত।”

আরও পড়ুন: Mamata Banerjee: জলছাড়ে ভেসে যাচ্ছে বাংলা, ডিভিসিকে কাঠগড়ায় তুলে ফের তোপ মমতার

জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং পাকিস্তানের (Pakistan) প্রত্যক্ষ ও পরোক্ষ মদতের বিষয়টি বারবার আন্তর্জাতিক মহলে আলোচিত হলেও বাস্তব চিত্র খুব একটা বদলায়নি। সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) মাধ্যমে ভারত জঙ্গি ঘাঁটি ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নেয়। এই অভিযানের সময় এবং পরবর্তী দিনগুলোতে ভারতীয় সেনা একাধিক সফল অভিযান চালিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) ও পাকিস্তানের (Pakistan) অভ্যন্তরে নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। এছাড়াও পাল্টা প্রত্যাঘাতে ধ্বংস হয় অন্তত ১১টি পাকিস্তানি সামরিক ঘাঁটি।

সেনাপ্রধান দ্বিবেদী বলেন, “আমরা এবার এক ধাপ এগিয়ে যাব। আগে সংযম দেখিয়েছিলাম, এবার আর নয়। এবার আমরা এমন পদক্ষেপ নেব, যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে—তারা আদৌ বিশ্ব মানচিত্রে থাকতে চায় কি না।” তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে বার্তা দেন, “নিজেদের সর্বদা প্রস্তুত রাখুন। ঈশ্বর চাইলে, সুযোগ খুব শিগগিরিই আসবে।”

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে টিআরএফ-এর একটি নৃশংস হামলায় ২৬ নিরস্ত্র ব্যক্তি নিহত হন, যার প্রত্যুত্তরেই শুরু হয় অপারেশন সিঁদুর। এই ঘটনায় পাকিস্তানের সন্ত্রাসবাদে সম্পৃক্ততার অভিযোগ ফের জোরালো হয়। যদিও নয়াদিল্লি আপাতত যুদ্ধবিরতির পথে হাঁটছে, তবুও সেনাপ্রধানের বক্তব্যে স্পষ্ট সীমান্তে যেকোনো অবাঞ্ছিত পরিস্থিতির মোকাবিলায় ভারত তৈরি এবং প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নিতেও দ্বিধা করবে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole