নিউজ পোল ব্যুরো: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ফের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হামাস ও ইজরায়েল উভয় পক্ষকে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প (Donald Trump) স্পষ্ট করে দিয়েছেন, এই দ্বন্দ্ব নিরসনে দেরি হলে ‘রক্তের বন্যা’ বইবে, যা কেউই কাম্য নয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বার্তায় ট্রাম্প (Donald Trump) বলেন, “এই শতাব্দীপ্রাচীন সংঘাতের প্রতি আমি নজর রেখেছি এবং রাখবও। প্রথম পর্যায়ের আলোচনা এই সপ্তাহেই শেষ হওয়ার কথা। সকল পক্ষকে বলছি, সময় নষ্ট না করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”
আরও পড়ুন: SFI letter to PM Modi:প্যালেস্টাইনের পাশে এগিয়ে আসার আহ্বান, প্রধানমন্ত্রী মোদীকে চিঠি এসএফআই-এর!
তিনি দাবি করেছেন, গাজায় চলমান সংঘাতের অবসানে হামাস সহ একাধিক দেশের সঙ্গে তার ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। ট্রাম্পের কথায়, “এই সপ্তাহান্তে আমি হামাস, আরব রাষ্ট্র এবং অন্যান্য প্রভাবশালী পক্ষের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছি। আলোচনায় পণবন্দিদের মুক্তি, যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক পরিস্থিতি উন্নয়নের বিষয় উঠে এসেছে। আমাদের প্রধান লক্ষ্য পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনা।”
উল্লেখ্য, সোমবার মিশরে হামাস এবং ইজরায়েল (Israel) প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার শান্তি-আলোচনা হওয়ার কথা রয়েছে। তার ঠিক আগেই ট্রাম্পের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। তবে শান্তি-আলোচনার মাঝেই শনিবার গাজায় ফের হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। গাজা শহর ও খান ইউনিস এলাকায় চালানো হামলায় ছ’জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে গাজা শহরে চারজন এবং খান ইউনিসে দুই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
এই অবস্থায় প্রশ্ন উঠছে, আসন্ন আলোচনার মাধ্যমে কি আদৌ গাজায় দীর্ঘমেয়াদি শান্তির সম্ভাবনা তৈরি হবে? নাকি সংঘাতের মেঘ আরও গাঢ় হবে? এই উত্তপ্ত পরিস্থিতিতে ট্রাম্পের সক্রিয় ভূমিকা ও হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
