নিউজ পোল ব্যুরো: ক্যামেরা দেখলেই মুখ ফিরিয়ে নেন, ছবি তুলতে পছন্দ করেন না এই অভ্যাসের জন্যই বহু বার কটাক্ষের শিকার হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া (Jaya Bachchan)। কিন্তু তাঁর এই কঠোর বহিরাবরণের আড়ালে রয়েছে এক নরম, গভীর মানবিক দিক, যা খুব কম মানুষ জানেন। অভিনেতা সুশান্ত দিবগীকরের সাম্প্রতিক এক দীর্ঘ পোস্টে প্রকাশ পেয়েছে সেই অজানা অধ্যায় এইচআইভি (HIV) এবং ক্যানসার আক্রান্ত শিশুদের নিয়মিত সাহায্য করেন জয়া (Jaya Bachchan), নিঃশব্দে, প্রচারের আলো থেকে বহু দূরে।
আরও পড়ুন:Katrina Kaif: ‘খুব চিন্তায় সবাই, কী যে হবে!’ ৪২ বছরে মা হচ্ছেন ক্যাটরিনা
সুশান্ত লিখেছেন, “জয়াদিকে মানুষ প্রায়ই সমাজমাধ্যমে আক্রমণ করে। ওঁর সম্পর্কে নানা ভুল গল্প তৈরি করা হয়েছে। অথচ আসলে কেউ জানেই না তিনি কী রকম মানুষ। বছরের পর বছর ধরে অটিস্টিক, ক্যানসার ও এইচআইভি আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়ে এসেছেন জয়া (Jaya Bachchan)।” তাঁর এই নীরব কর্মযজ্ঞের সাক্ষী বহু স্বেচ্ছাসেবী সংস্থা।
একটি অনুষ্ঠানের কথাও উল্লেখ করেছেন সুশান্ত, যেখানে শর্ত ছিল উপস্থিত অতিথিকে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে হবে। আমন্ত্রণ পাঠানো হয়েছিল বহু তারকাকে, কিন্তু রাজি হয়েছিলেন মাত্র তিনজন রবীনা টন্ডন (Ravina Tandon), যুবরাজ সিংহ (Yuvraj Singh) এবং জয়া (Jaya Bachchan)। সুশান্তের ভাষায়, “ওঁরা তিনজন দেবদূতের মতো এসেছিলেন।” অনুষ্ঠানে উপস্থিত হয়ে জয়া শিশুদের সঙ্গে কথা বলেছেন, হাসিয়েছেন, তাঁদের মায়েদের সান্ত্বনা দিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন শহর ও গ্রামের বিশেষভাবে সক্ষম এবং দৃষ্টিশক্তিহীন শিশুদের চিকিৎসা ও শিক্ষার জন্যও নিয়মিত সাহায্য পাঠান তিনি।
তবে এই সমস্ত কাজই করেন সম্পূর্ণ গোপনে। এমনকি সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার সময়ও জয়া (Jaya Bachchan) শর্ত দিয়েছিলেন কোনও সংবাদমাধ্যম উপস্থিত থাকবে না, কোনও ছবি তোলা যাবে না। নিজের কাজকে কখনও প্রচারের হাতিয়ার হতে দেননি তিনি। সুশান্তের মতে, “ভারতের সবচেয়ে সংবেদনশীল শিল্পীদের মধ্যে একজন জয়া (Jaya Bachchan)। মানুষ তাঁকে ভুল বোঝে, অথচ তিনি নিরবধি সময় ধরে সমাজের সবচেয়ে দুর্বল মানুষগুলির পাশে আছেন।” তাই হয়তো আজও তিনি নিজেকে আলো থেকে দূরে রাখেন, কিন্তু তাঁর মানবিকতার আলো ছড়িয়ে পড়ে নিঃশব্দে, অবিরাম।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
