Vijay Devrakonda: গাড়ি দুর্ঘটনায় আহত বিজয় দেবরকোন্ডা! বাগ্‌দানের আনন্দের পরেই বিষাদের ছায়া

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা (Vijay Devrakonda)-র জীবনে আনন্দের পরেই নেমে এল আতঙ্কের ছায়া। দিন দুই আগেই জোর গুঞ্জন ছড়িয়েছিল, রশ্মিকা মন্দানার সঙ্গে গোপনে আংটি বদল সেরেছেন অভিনেতা। ভক্তরা যখন সেই খবরে মত্ত, ঠিক তখনই সোমবার ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। শোনা গিয়েছে, তেলঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার উন্ডাবল্লির কাছে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বিজয় দেবরকোন্ডা (Vijay Devrakonda)। তাঁর মাথায় আঘাত লেগেছে, যদিও চোট গুরুতর নয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:Pawan Singh: স্ত্রীকে ঘরে ঢুকতে বাধা? বিস্ফোরক অভিযোগে জবাব দিলেন পবন সিংহ

বিজয় দেবরকোন্ডা (Vijay Devrakonda) পরে নিজেই এক বিবৃতিতে ভক্তদের আশ্বস্ত করেন। তিনি বলেন, ‘‘সবাইকে ধন্যবাদ, আমি একদম ভালো আছি। সামান্য চোট পেয়েছি, বিশ্রাম আর মায়ের হাতে বানানো বিরিয়ানিই এখন আমার ওষুধ।’’ অভিনেতা আরও জানান, ‘‘দুর্ঘটনার খবর শুনে অনেকে আতঙ্কিত হয়েছেন, কিন্তু চিন্তার কিছু নেই। অনুরোধ করছি, কেউ যেন ভুল খবর না ছড়ান। এতে অকারণ আতঙ্ক বাড়বে।’’

সূত্রের খবর, উল্টো দিক থেকে আসা একটি গাড়ি আচমকা দিক পরিবর্তন করায় মুখোমুখি ধাক্কা লাগে। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা, তবে তাঁরা সকলেই অক্ষত। ধাক্কার জেরে দুমড়ে-মুচড়ে যায় তাঁর বিলাসবহুল গাড়ির সামনের অংশ। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ইতিমধ্যেই ঘাতক গাড়িচালকের বিরুদ্ধে ‘হিট অ্যান্ড রান’ মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, বিজয় সপরিবার পুট্টাপার্থি থেকে বাড়ি ফিরছিলেন সেই সময়েই ঘটে যায় দুর্ঘটনাটি।

এদিকে, বাগ্‌দানের গুঞ্জন নিয়েও উত্তেজনা তুঙ্গে। কিছু দিন আগে শ্রী সত্য সাঁই বাবার সমাধিস্থলে দেখা গিয়েছিল বিজয় দেবরকোন্ডা (Vijay Devrakonda)-কে। তাঁর বাঁ হাতের অনামিকায় আংটি দেখে অনুরাগীরা প্রায় নিশ্চিত, রশ্মিকার সঙ্গেই তাঁর আংটি বদল হয়েছে। শোনা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। তবে দুর্ঘটনার পর রশ্মিকা মন্দানাকে কোথাও দেখা না যাওয়ায় প্রশ্ন উঠেছে, এই কঠিন সময়ে তিনি কি বিজয়ের পাশে আছেন? সব মিলিয়ে, দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা (Vijay Devrakonda)-র জীবনে এখন সুখ-দুঃখের মিলেমিশে এক অদ্ভুত অধ্যায়।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole