নিউজ পোল ব্যুরো: অস্ট্রেলিয়া (Australia) সফরের পরেই কি রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) অবসর নেবেন! কি হতে পারে রো-কো জুটির ভবিষ্যৎ? তা নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল (Shubhman Gill)। তার দলে তিনি এখনও চান দুই অভিজ্ঞ ক্রিকেটারকে।

শুক্রবার দিল্লিতে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের (West indies) বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন গিল। সেখানেই তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ, অবশ্যই আমি রোহিত ভাই ও বিরাট ভাইকে ২০২৭ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখছি। তারা ভারতের হয়ে যেভাবে ম্যাচ জিতিয়েছেন, তেমন অভিজ্ঞতা ও দক্ষতা খুব কম খেলোয়াড়ের আছে।’
রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে যখন নানা গুঞ্জন চলছে, ঠিক তখনই শুভমান গিলের এই বার্তা ক্রিকেট প্রেমীদের কাছে স্বস্তি দেবে। তিনি বোর্ড ও নির্বাচকদের কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন দল নতুন করে হচ্ছে ঠিকই, তবে দুই সিনিয়র ক্রিকেটারের অভিজ্ঞতা এখনও ভারতীয় দলের প্রয়োজন আছে।

অনেকই কাঠগড়ায় তুলেছেন কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। তার সঙ্গে কেমন সম্পর্ক গিলের। নতুন ওয়ানডে (One day) অধিনায়ক জানিয়েছেন, ‘গম্ভীর স্যার সব সময় বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা ও আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করি কীভাবে বোলারদের একটা শক্তিশালী পুল তৈরি করা যায়। ভবিষ্যতের জন্য এটা খুব দরকারি।’

২৫ বছরের গিলের সামনে বড় সুযোগ। ১৯ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হবে তার। এই বিষয়ে গিল জানান, ‘ভারতের অধিনায়ক হওয়া আমার জন্য সম্মানের। রোহিত ভাইয়ের শান্ত স্বভাব ও দলের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তিনি তৈরি করেছিলেন, সেটি আমি বজায় রাখতে চাই।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
