Air India: আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি! নিরাপত্তা ঘিরে উঠছে প্রশ্ন, কী বলছে কেন্দ্র?

দেশ

নিউজ পোল ব্যুরো: আবারও প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান নিরাপত্তা। ভিয়েনা থেকে দিল্লিগামী ফ্লাইট AI-154-এর মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির জেরে জরুরি অবতরণ করতে হল দুবাই বিমানবন্দরে (Dubai Airport)। সাম্প্রতিক কয়েক মাসে একাধিকবার যান্ত্রিক সমস্যা ধরা পড়ায় এয়ার ইন্ডিয়ার (Air India) পরিষেবা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। কেন্দ্রের বিমান মন্ত্রকের তদারকি নিয়েও সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: Pakistan: পাকিস্তানকে AIM-120 মিসাইল নয়, জানাল আমেরিকা; মিডিয়ার জল্পনায় জল ঢালল মার্কিন দূতাবাস

৯ অক্টোবর, ভিয়েনা থেকে নয়াদিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান AI-154। মাঝপথেই পাইলট যান্ত্রিক ত্রুটি অনুভব করেন এবং তৎক্ষণাৎ দুবাইয়ের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। দুবাইয়ে অবতরণের পর বিমানটিকে পরীক্ষা করে ফের দিল্লির উদ্দেশ্যে রওনা করানো হয় সকাল ৮:৪৫ মিনিটে। সৌভাগ্যবশত, যাত্রী ও বিমানকর্মীদের কারও কোনও ক্ষতি হয়নি।

বিমানসংস্থা জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে অবতরণ একটি স্ট্যান্ডার্ড প্রক্রিয়া এবং সমস্ত প্রোটোকল অনুসরণ করেই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও একের পর এক ঘটনায় আতঙ্কিত যাত্রীরা এবং এবার প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলোও। এর আগেও আগস্ট মাসে একই ধরনের ঘটনা ঘটেছিল, যখন তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটকে চেন্নাইয়ে নামাতে বাধ্য করা হয়। ওই ফ্লাইটে ছিলেন কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল। তিনি তখন দাবি করেছিলেন, চেন্নাইয়ে অবতরণের সময় আরও একটি বিমান একই রানওয়েতে ঢুকে পড়েছিল, যা বড় বিপদের ইঙ্গিত দেয়।

নিয়মিত এই ধরণের ‘মেকানিকাল ফেইলিওর’ কি শুধুই কাকতালীয়? নাকি এর পেছনে রয়েছে খামখেয়ালি রক্ষণাবেক্ষণ ও কেন্দ্রীয় নজরদারির ঘাটতি এই প্রশ্নই এখন ঘুরছে বিভিন্ন মহলে। অপরদিকে, টাটা গোষ্ঠীর অধীনে আসার পর এয়ার ইন্ডিয়ার মানোন্নয়ন নিয়ে যে উচ্চাশা তৈরি হয়েছিল, তা ক্রমেই ধাক্কা খাচ্ছে। বিশ্লেষকদের মতে, শুধু পরিষেবা উন্নয়ন নয়, সর্বাগ্রে প্রয়োজন যাত্রী নিরাপত্তার দিকে কড়া নজর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole