Mohun Bagan Preview : সমর্থকদের থেকে সমর্থন চাইছেন মোলিনা ও শুভাশিস

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: আইএফএ শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গলের লড়াই শুধু মোহনবাগানের সঙ্গে। কিন্তু মোহনবাগানকে লড়তে হবে আরও একটা যুদ্ধে। তা হল তাদের সমর্থকদের সঙ্গে। এক কথায় বলতে গেলে মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গাতেই লড়াই করতে হবে মোহনবাগানকে। এসিএল ২ (ACL 2)-র ম্যাচ খেলতে মোহনবাগান ইরানে না যাওয়া থেকে শুরু বিতর্ক। সোশ্যাল মিডিয়া থেকে সেই বিতর্কটা ছড়িয়েছে মাঠেও। আইএফএ শিল্ডের (IFA Shield) ম্যাচের পর মোহনবাগান সমর্থকরা বিক্ষোভ দেখান এবং এর পর পুলিশ লাঠিচার্জ করে, যার জেরে আহত হন সমর্থকরা। এই পরিস্থিতিতে মোহনবাগান সমর্থকদের একাংশ ডার্বি সহ মোহনবাগানের সব ম্যাচ বয়কটের ডাক দেন। আর ডার্বিতে সমর্থকরা না থাকলে সেটা যেকোনও দলের কাছে চ্যালেঞ্জের। তাই ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে সমর্থকদের মাঠে আসার আহ্বান জানালেন মোহনবাগানের কোচ হোসে মোলিনা ও ডিফেন্ডার শুভাশিস বসু।

যুবভারতীতে মোহনবাগানের সাংবাদিক বৈঠকে কোচ হোসে মোলিনা সমর্থকদের উদ্দেশ্যে জানিয়েছেন, ‘সমর্থকরা অখুশি হলে সেটা কোনও দলের কাছেই ভালো না। সমর্থকরা আমাদের প্লেয়ারদের ট্রফি জিতিয়েছেন। সমর্থকরা সবসময় গুরুত্বপূর্ণ। ডার্বিতে ইস্টবেঙ্গল সমর্থকরা তাদের দলের হয়ে গলা ফাটাবেন। আমাদের ১০০ শতাংশ সমর্থক হয়তো থাকবে না। তাও আমি বলব, ৯০ মিনিটের জন্য সব ভুলে যান। দলকে সমর্থন করুন, সবাই মিলে কলকাতা ডার্বি জেতার চেষ্টা করি।’

আরও পড়ুন: Kali Puja 2025 : কালীপুজো ও দীপাবলিতে বাজি পোড়ানোর সময়সীমা ঘোষণা, নিয়ম ভাঙলে শাস্তির পথে পুলিশ

একই কথা বললেন শুভাশিস বসুও। চলতি আইএফএ (IFA) শিল্ডে (Shield) একটিও ম্যাচে খেলেননি তিনি। ডার্বিতে তাঁকে কোচ নামাতে পারে। মোলিনার পরে আসেন শুভাশিস বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, ‘প্লেয়ার হিসেবে আমি সবসময় চাই সমর্থকরা মাঠ ও মাঠের বাইরে আমাদের সমর্থন করুন। আমরা ফ্যান ও ক্লাবের জন্য ফুটবল খেলি। মাঠে ফ্যান থাকা মানে আমরা ম্যাচে বাড়তি এনার্জি দিতে পারি। তবে বর্তমানে যা পরিস্থিতি, তাতে ড্রেসিংরুমের পরিবেশ ভালো। আমি চাইব ফ্যানরা পাশে থাকুন, সাপোর্ট করে যান পুরো ম্যাচ জুড়ে।’

তিনি আরও বলেন, ‘এতদিন আমরা যে সাফল্য পেয়েছি সেটা প্লেয়াররা একা জিততে পারতেন না, সাপোর্টাররা পাশে ছিলেন এবং আরও থাকবেন। তাঁরা সাপোর্টার নন, মোহনবাগানের যোদ্ধা। আমরা একসঙ্গে খেলেছি, ট্রফি জিতেছি। আমি অনুরোধ করব, কালকের ম্যাচে আসুন ও সমর্থন করুন। মরশুমের শুরুতে ট্রফি জিতে শুরু করি ও ক্লাবের নাম আরও উপরে নিয়ে যাই।’

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole