Census 2027: ডিজিটাল যুগে ভারতের প্রথম জনগণনা শুরু, SIR বিতর্কের মধ্যেই নভেম্বর থেকে পরীক্ষামূলক প্রক্রিয়া

দেশ

নিউজ পোল ব্যুরো: দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার পর অবশেষে শুরু হচ্ছে ভারতের নতুন জনগণনার (Census 2027) কাজ, তাও আবার প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে। মোদী সরকারের আমলে এই প্রথম হতে চলেছে জাতীয় জনগণনা (Census 2027), যার পরীক্ষামূলক ধাপ শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর থেকে। আর এই প্রক্রিয়াকে ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে, কারণ এর আগে এসআইআর (সেন্ট্রালাইজড আইডেন্টিটি রেজিস্টার) নিয়ে দেশজুড়ে যে বিতর্ক দানা বেঁধেছিল, তা এখনো শান্ত হয়নি।

আরও পড়ুন: Pakistan: আফগান সীমান্তে ফের রক্তক্ষয়ী হামলা, পাক সেনা ছাউনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত বহু

রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ সালে জাতীয় জনগণনা (Census 2027) শুরু হওয়ার আগে একটি পরীক্ষামূলক ‘হাউজ লিস্টিং’ ও ‘গৃহ সমীক্ষা’ পরিচালনা করা হবে। নির্দিষ্ট কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী ১০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই সমীক্ষা চলবে। আর দেশের সাধারণ মানুষ নিজের তথ্য নিজেরাই ১ থেকে ৭ নভেম্বর-এর মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন।

এই প্রথমবার জনগণনার যাবতীয় তথ্য মোবাইল অ্যাপ ও সফটওয়্যারের মাধ্যমে সংগ্রহ করা হবে। সমীক্ষায় যাচাই করা হবে সফটওয়্যার ও অ্যাপ্লিকেশনের দক্ষতা, তথ্য সংগ্রহ পদ্ধতি, প্রশিক্ষণ প্রক্রিয়া এবং কর্মীদের প্রস্তুতি। সরকার জানিয়েছে, পুরো ডিজিটাল প্রক্রিয়া কার্যকর করতে এই পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে ভবিষ্যতের বড়সড় প্রযুক্তিগত ত্রুটি আগে থেকেই শনাক্ত করা সম্ভব হবে। ২০২৭ সালের ১ মার্চ থেকে দেশের মূল জনগণনা শুরু হবে, তবে হিমালয় অঞ্চলের রাজ্যগুলিতে (যেমন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ ও জম্মু কাশ্মীর) বরফ পড়ার কারণে এই কাজ ২০২৬ সালের অক্টোবর থেকেই শুরু হবে।

উল্লেখযোগ্যভাবে, ভারতে প্রতি দশ বছরে একবার জনগণনা হওয়ার নিয়ম থাকলেও, ২০১১ সালের পর ২০২১-এর জনগণনা পিছিয়ে যায় করোনা অতিমারীর কারণে। ফলে প্রায় দেড় দশক পর এই জনগণনা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদি সরকারের এই ডিজিটাল জনগণনা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হলেও, এসআইআর ও জাতিগণনার প্রসঙ্গ এই প্রক্রিয়াকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক উসকে দিতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole