নিউজ পোল ব্যুরো: আফগানিস্তান (Afghanistan) সীমান্ত ঘেঁষা পাকিস্তানের (Pakistan) উত্তর ওয়াজিরিস্তানে আবারও রক্তাক্ত হামলা। সংঘর্ষবিরতির আবহে হঠাৎই ঘটে গেল ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পাক সেনা ছাউনির মূল প্রবেশপথে আছড়ে পড়ে এক আত্মঘাতী জঙ্গি। মুহূর্তের মধ্যে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় আশপাশের অংশ, ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত পাক সেনার। গুরুতর আহত হয়েছেন আরও ১৩ জন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে, যা আফগান সীমান্তের একেবারে সংলগ্ন এলাকা। পাকিস্তান (Pakistan) সেনার তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, হামলাটি ছিল পরিকল্পিত ও সুসংগঠিত। বিস্ফোরণের পর আরও দু’জন সশস্ত্র জঙ্গি সেনা শিবিরে ঢোকার চেষ্টা করে, শুরু হয় গুলির লড়াই। কিছুক্ষণ পর সেনা গুলিতে মারা যায় ওই দুই জঙ্গি।
যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি, পাকিস্তানি (Pakistan) গোয়েন্দা মহলের প্রাথমিক ধারণা, এই হামলার নেপথ্যে থাকতে পারে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)। এই ঘটনার প্রেক্ষাপটে আরও একবার সামনে এল আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্কের জটিল বাস্তবতা। ২০২১ সালে তালিবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পর পাকিস্তান ভেবেছিল, দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। ইসলামাবাদ আশা করেছিল, আফগান মাটি ব্যবহার করে ভারত-বিরোধী কার্যকলাপ চালানো যাবে, ও তালিবান সরকার পাকিস্তানকে সমর্থন করবে। কিন্তু ঘটেছে উল্টোটা। তালিবান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করছে, যা ইসলামাবাদের (Islamabaad) কাছে অস্বস্তির।
পাশাপাশি, পাকিস্তানের ভেতরেই সক্রিয় হয়ে উঠেছে একাধিক স্বাধীনতাকামী গোষ্ঠী যেমন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) ও বালোচ লিবারেশন আর্মি (BLA)। এদের দাবি, পাক সেনার দমননীতি ও নিপীড়নের জবাব দিতেই তারা হামলা চালাচ্ছে। সম্প্রতি আফগান সীমান্তে পাকিস্তানের বিমানহানার ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছেছিল। পালটা জবাব দেয় আফগান বাহিনীও। একশোর বেশি মানুষের মৃত্যুর পর, দুই দেশ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু এবার ফের আত্মঘাতী হামলায় প্রমাণিত হল, যুদ্ধবিরতির আবরণে ঘনীভূত হচ্ছে আরও বড় সংঘর্ষের আশঙ্কা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
