নিউজ পোল ব্যুরো: দুই ফ্রন্টে যুদ্ধ! এক দিকে আফগানিস্তান (Afghanistan), অন্য দিকে ভারত (India)। একসঙ্গে দুই প্রতিবেশীর বিরুদ্ধে লড়াইয়ের হুমকি ছুঁড়লেন পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ (Khawaja Asif) । বুধবার সন্ধেয় আফগানিস্তানের সঙ্গে মাত্র ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরই, তার মেয়াদ শেষ হওয়ার আগেই মুখ খুললেন আসিফ। দাবি করলেন, ইসলামাবাদ (Islamabad) এখন প্রস্তুত একযোগে দুই সীমান্তে সংঘাতে নামতে। আর এই মন্তব্য ঘিরেই নতুন করে তুঙ্গে বিতর্ক।
আসিফের অভিযোগ, আফগানিস্তান সরাসরি নয়, ভারতের হয়ে ‘প্রক্সি যুদ্ধ’ চালাচ্ছে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে। ভারতের কৌশলগত ইন্ধনেই আফগানিস্তান এমন একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে এমনই দাবি তার। সম্প্রতি ভারতের সঙ্গে আফগান বিদেশমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ভারত এবং আফগানিস্তান উভয়ই সীমান্ত সমস্যা তৈরি করছে। পাকিস্তান একযোগে দু’দিকে যুদ্ধের পরিস্থিতির জন্য প্রস্তুত।”
এই বক্তব্য এমন সময় এসেছে, যখন পাকিস্তান (Pakistan) ও আফগান বাহিনীর মধ্যে সীমান্তে একাধিক সংঘর্ষে দুই পক্ষে বহু সেনার মৃত্যুর খবর উঠে এসেছে। পাক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, গত সপ্তাহে ২০০ জন আফগান সেনা নিহত হয়েছে। অন্যদিকে, কাবুলের তরফে দাবি, তাদের ‘অপারেশনে’ অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনাকে নিকেশ করা হয়েছে।
পাশাপাশি, খাজা আসিফ এক ধাক্কায় পাকিস্তানে বসবাসকারী আফগান শরণার্থীদেরও কাঠগড়ায় তুলেছেন। বলেন, “যারা দশকের পর দশক পাকিস্তানে থেকেছে, তারা আমাদের কেবল সন্ত্রাসবাদই উপহার দিয়েছে।” তার সাফ কথা, এই আফগানদের দেশে ফিরে যাওয়া উচিত। বিশ্লেষকদের মতে, আসিফের এই মন্তব্য আসলে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকার প্রচেষ্টা। কূটনৈতিক দিক থেকে ভারতের নাম টেনে এনে যুদ্ধের আবহ সৃষ্টি করে দেশীয় সমর্থন জোগাড় করাই তাঁদের লক্ষ্য। তবে প্রশ্ন উঠছে, দুই ফ্রন্টে একসঙ্গে যুদ্ধের হুমকি কি বাস্তবসম্মত, নাকি রাজনৈতিক ‘ফাঁকা আওয়াজ’?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
