নিউজ পোল ব্যুরো: ২০২৭ সালের গুজরাট (Gujarat) বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়সড় রাজনৈতিক পুনর্গঠনের পথে হাঁটল বিজেপি (BJP)। বৃহস্পতিবার বিকেলে গুজরাটের (Gujarat) মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel) বাদে তার মন্ত্রিসভার সমস্ত সদস্য পদত্যাগ করেন। এরপরই শুক্রবার এক ঝাঁক নতুন মুখ নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের ঘোষণা করল বিজেপি নেতৃত্ব। শুক্রবারই ২৪ জন নতুন মন্ত্রী শপথ নেবেন বলে জানা গিয়েছে। এই পুনর্গঠন বিজেপির ‘অ্যান্টি ইনকাম্বেন্সি’ বা প্রতিষ্ঠানবিরোধিতার হাওয়া ঠেকানোর কৌশল বলে রাজনৈতিক মহলের বিশ্লেষণ।
গুজরাটে (Gujarat) মুখ্যমন্ত্রী বদলের নজির আগে থাকলেও, এবার বিজেপি মুখ্যমন্ত্রী রেখে গোটা মন্ত্রিসভাই ঢেলে সাজাচ্ছে যা স্পষ্ট বার্তা দিচ্ছে, বিজেপি চায় রাজ্যে প্রশাসনিক এবং রাজনৈতিক চেহারায় এক নতুন উদ্দীপনা আনতে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ইতিমধ্যেই রাজ্যপাল আচার্য দেবব্রতর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা করেছেন।
নতুন মন্ত্রীদের তালিকায় রয়েছেন বেশ কয়েকটি পরিচিত নাম, যেমন— রুশিকেশ প্যাটেল, হর্ষ সাঙ্ঘভি, অর্জুন মোধওয়াদিয়া, কুনভারজি বাভালিয়া, পরশোত্তম সোলাঙ্কি ও জিতেন্দ্র ওয়াঘানি। তবে চমক রিভাবা জাদেজা বিশ্বকাপজয়ী ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী। তিনজন মহিলা মন্ত্রী থাকছেন এই নতুন মন্ত্রিসভায়। সূত্র বলছে, মোট ২৬ জন মন্ত্রী থাকবেন এই নতুন মন্ত্রিসভায়, যার মধ্যে অন্তত ৪ জন একেবারেই নতুন মুখ।
এই ধরণের পুনর্গঠন গুজরাটে বিজেপির দীর্ঘদিনের সাংগঠনিক রীতির অংশ যখনই দলের ভিতরে অসন্তোষ বাড়ে বা জনমতের পরিবর্তন অনুভব হয়, তখন বড়সড় রদবদল করে দল নিজেকে নতুনভাবে উপস্থাপন করে। এইবারও ব্যতিক্রম নয়। গুজরাটে মোদী-শাহর নেতৃত্বে বিজেপি নিজের সংগঠনকে আরও মজবুত করতে এবং বিরোধী শক্তিকে ঠেকাতে আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
