Zubeen Garg: অসমে শোকের ছায়া ঘন, জ়ুবিন গার্গের স্মরণে স্থগিত ‘ব্রহ্মপুত্র ভ্যালি চলচ্চিত্র উৎসব’

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: অসম এখনও ভুলতে পারেনি প্রিয় সন্তান জ়ুবিন গার্গকে (Zubeen Garg)। তাঁর প্রয়াণের ২৮ দিন পেরিয়ে গেলেও রাজ্যের আকাশে বাতাসে এখনও বেজে চলেছে তাঁর কণ্ঠের প্রতিধ্বনি, ভেসে আসছে অসমবাসীর অশ্রুসিক্ত ভালোবাসা। সেই শোকই এবার প্রভাব ফেলল অসমের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন ‘ব্রহ্মপুত্র ভ্যালি চলচ্চিত্র উৎসব’-এ। আয়োজকেরা জানিয়েছেন, প্রিয় শিল্পী জ়ুবিন (Zubeen Garg) ছাড়া তাঁরা এই উৎসবের কথা ভাবতেই পারছেন না, তাই এবারের অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:Bollywood actor: সৌদি আরবে এক ফ্রেমে তিন খান! শাহরুখ, সলমন ও আমিরের ছবিতে উত্তেজনায় ভরেছে নেটদুনিয়া

চলতি বছরের ৪ থেকে ৭ ডিসেম্বর গৌহাটিতে আয়োজিত হওয়ার কথা ছিল দশম ‘ব্রহ্মপুত্র ভ্যালি চলচ্চিত্র উৎসব’। কিন্তু জ়ুবিনের (Zubeen Garg) অকাল প্রয়াণে রাজ্যজুড়ে যে গভীর শোক নেমে এসেছে, তা থেকে কেউই এখনও সেরে উঠতে পারেননি। আয়োজকদের এক বিবৃতিতে বলা হয়েছে, “এই উৎসব অসমের সংস্কৃতির শিকড়ের সঙ্গে জড়িত, গত এক দশক ধরে এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং অসমবাসীর আবেগের অংশ হয়ে উঠেছে। তাই এই মুহূর্তে যখন পুরো রাজ্য ‘ভূমিপুত্র’ জ়ুবিন গার্গের (Zubeen Garg) শোক পালন করছে, তখন আনন্দ-উদ্‌যাপন করা আমাদের পক্ষে সম্ভব নয়।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, যাঁরা উৎসবের টিকিট বা অংশগ্রহণের জন্য অর্থ জমা দিয়েছেন, তাঁদের সমস্ত অর্থ ফেরত দেওয়া হবে। আগামী বছর পরিস্থিতি বিবেচনা করে উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এবারে, সমগ্র অসমের মতোই আয়োজকেরাও শোকের সময়কে সম্মান জানাতে চান।

অসমে জ়ুবিন (Zubeen Garg) ছিলেন শুধু এক গায়ক নন, বরং এক সাংস্কৃতিক প্রতীক, এক প্রাণের স্পন্দন। তাঁর গান, তাঁর কণ্ঠ, তাঁর বিপ্লবী সুর মিশে আছে অসমের নদী, পাহাড় আর মানুষের মাটির গন্ধে। তাই তাঁর অনুপস্থিতিতে উৎসব করা মানে অসমবাসীর হৃদয়ের ওপর আঘাত করা, এমনটাই মনে করছেন সকলে। জ়ুবিন গার্গের (Zubeen Garg) প্রতি এই শ্রদ্ধার্ঘ্যই প্রমাণ করছে, তিনি কেবল এক শিল্পী ছিলেন না—অসমের আত্মার এক চিরন্তন অংশ হয়ে রয়েছেন তিনি।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole