নিউজ পোল ব্যুরো: কাশ্মীর (Jammu and Kashmir) নিয়ে কথাবার্তা চলেছে বহুদিন, কিন্তু এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কথায় উঠে এল এক নতুন তথ্য। গত ৯ মাসে কাশ্মীর উপত্যকায় একজন স্থানীয় জঙ্গিরও হদিশ মেলেনি। এই তথ্য তিনি প্রকাশ করেন বিহারের একটি নির্বাচনী সভা থেকে, যেখানে তিনি জম্মু ও কাশ্মীরের পরিবর্তনের গল্প তুলে ধরেন দেশের সামনে।
আরও পড়ুন: Fighter Jet: দেশেই যুদ্ধবিমান চালাবে দেশি ইঞ্জিন, আত্মনির্ভর ভারতের জ্বালানি এখন দেশজ প্রযুক্তি
শাহ (Amit Shah) বললেন, “এক সময় ছিল, যখন কাশ্মীরের শিশুদের হাতেই তুলে দেওয়া হতো অস্ত্র। পাকিস্তান থেকে জঙ্গি পাঠানোর দরকারই হতো না। আজ সেই কাশ্মীরই ভারতের গর্ব। এখন উপত্যকার মানুষ ভারতকে শুধুই দেশের মতো নয়, নিজেদের পরিচয়ের অংশ বলেও মনে করছেন।” তিনি স্পষ্ট ভাষায় জানান, ৩৭০ ধারা রদের ফলেই এই আমূল পরিবর্তন সম্ভব হয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, উপত্যকায় এখন শান্তির বাতাস বইছে, জঙ্গি কার্যকলাপ কমে এসেছে প্রায় শূন্যে। তার মতে, এ এক ‘গুণগত পরিবর্তন’, যা মোদী সরকারের (Modi Government) সাফল্যেরই প্রতিচ্ছবি।
২০১৯ সালের ৫ আগস্টের সেই ঐতিহাসিক দিনেই বিলুপ্ত হয় ৩৭০ ধারা, কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়, আর জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভাগ হয়ে যায় দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে। তখন থেকেই চলছে পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবি। এদিন অমিত শাহ (Amit Shah) আশ্বাস দিয়েছেন, “একেবারে সঠিক সময়েই ফিরবে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা।” যদিও নির্দিষ্ট কোনও সময়সীমা তিনি দেননি। একই সঙ্গে লাদাখের মানুষের সমস্যাও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।শেষ পর্যন্ত, এই ভাষণ যেন মোদী সরকারের ৩৭০ ধারা রদের সিদ্ধান্তের সপক্ষে এক জোরালো বার্তা। এখন দেখার, রাজ্যের মর্যাদা ফেরানোর আশ্বাস কত দ্রুত বাস্তবে রূপ নেয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
