নিউজ পোল ব্যুরো: আবারও বিতর্কের কেন্দ্রে গায়িকা ইমন (Iman Chakraborty)। কয়েক মাস আগেই এক অনুষ্ঠানে ‘হিন্দি গান গাও’ বলে চিৎকার করে ওঠা দর্শকের মুখে তর্ক জুড়েছিলেন তিনি। আর এবার শ্যামাপুজোর আসরে ‘জিন্স’ পরে শ্যামাসঙ্গীত গাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে এবার আর চুপ থাকেননি গায়িকা, সরাসরি জানিয়ে দিয়েছেন তাঁর অবস্থান।
আরও পড়ুন:TET: টেট উত্তীর্ণের বাধ্যবাধকতায় অনিশ্চয়তা, আশঙ্কায় রাজ্যের মাধ্যমিক শিক্ষকরা
শ্যামাপুজোর রাতে এক মঞ্চে ইমন (Iman Chakraborty) শ্যামাসঙ্গীত পরিবেশন করছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। একাংশের অভিযোগ, দেবীর গান গাইতে গিয়ে এমন পোশাক মানায় না। এই মন্তব্যেই ক্ষুব্ধ হয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে মা কালীর ছবি শেয়ার করে কড়া জবাব দিয়েছেন তিনি। লিখেছেন, “গতকাল থেকে আমার জিন্স পরে শ্যামাসঙ্গীত গাওয়া নিয়ে অনেক কিছু দেখছি। এত দিন অনেক কিছু শুনেছি, দেখেছি, কিন্তু নিজের উপর বিশ্বাস হারাইনি।”
ইমন (Iman Chakraborty) আরও লেখেন, “শিল্পীদের যা ইচ্ছে তাই বলা যায়, কারণ আমরা সহজ লক্ষ্যবস্তু। কিন্তু শিল্পী মহিলা হলে তো কথাই নেই— বডি শেমিং, কটাক্ষ, সব কিছুই চলে। করুন, যা ইচ্ছে করুন। তবে একটা জিনিস জানবেন, জবাব দিতে হবে। আপনাকে, আমাকে— জবাব দিতেই হবে।” গায়িকার এই মন্তব্য ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে দুই ভাগে বিভক্ত হয়েছে মত। একদল গায়িকার পাশে দাঁড়িয়ে লিখেছেন, ‘শিল্পীর পোশাক নয়, শিল্পই হোক আসল মূল্যবোধ।’ অপরপক্ষে কেউ কেউ দাবি করেছেন, “ধর্মীয় গানে শালীনতা বজায় রাখা প্রয়োজন।”
শিল্পীমহলের মতে, সমাজে এখনও নারী শিল্পীদের পোশাক নিয়ে অতি সংবেদনশীল মনোভাব বিরাজ করছে। এর আগেও স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার-সহ একাধিক নারী শিল্পী তাঁদের পোশাক বা চেহারা নিয়ে নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন। ইমন (Iman Chakraborty)-এর মতে, শিল্পী মানেই মানুষ, তাঁরও অনুভূতি আছে, এবং সেই অনুভূতিকে বারবার আঘাত করলে জবাব আসবেই।বর্তমানে ইমন (Iman Chakraborty)-এর এই প্রতিবাদী ভঙ্গিই নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে— যেখানে পোশাক নয়, শিল্পীর কণ্ঠই হয়ে উঠছে আসল প্রতিরোধের ভাষা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
