TET: টেট উত্তীর্ণের বাধ্যবাধকতায় অনিশ্চয়তা, আশঙ্কায় রাজ্যের মাধ্যমিক শিক্ষকরা

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশে টেট (TET) উত্তীর্ণ হওয়া এখন বাধ্যতামূলক সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য। কিন্তু এই রায়ের অভিঘাত পড়তে পারে মাধ্যমিক স্তরের ‘নরমাল সেকশন’-এর শিক্ষকদের উপরও— এমনই আশঙ্কায় দিন কাটছে রাজ্যের বহু স্কুল শিক্ষকের। কারণ, ২০১৬ সালের আগে মাধ্যমিক স্তরের শিক্ষকরা পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াতেন, ফলে তাঁদের দায়িত্বের পরিধিতে উচ্চ প্রাথমিকও ছিল। সেই কারণেই তাঁরা ভয় পাচ্ছেন, টেট (TET) উত্তীর্ণের নিয়ম তাঁদের উপরও প্রয়োগ হতে পারে।

আরও পড়ুন:Clerkship Examination: প্রকাশিত হল WBPSC প্রথম পর্বের ফলাফল, উত্তীর্ণ ৮৯,৮২১ প্রার্থী!

বসিরহাটের ধলতিতা সরলা বিদ্যাপীঠের শিক্ষক অরূপকুমার দে বলেন, “২০০৯ সাল থেকে আমি মাধ্যমিক স্তরে পড়াচ্ছি। আমাদেরও পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস নিতে হয়। ফলে এই রায়ের প্রভাব আমাদের ক্ষেত্রেও পড়তে পারে কি না, তা নিয়েই দুশ্চিন্তা বাড়ছে।” জানা গিয়েছে, উৎসশ্রী ও আইএসএমএস পোর্টালে ২০১৬ সালের আগে নিযুক্ত শিক্ষকদের নাম তিনটি বিভাগেই— উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং নরমাল সেকশন— হিসেবে নথিভুক্ত রয়েছে। ছাত্র-শিক্ষক অনুপাত রক্ষার জন্য তাঁদের উচ্চ প্রাথমিকে পড়াতে হয় বলেও জানা গেছে। এই প্রেক্ষিতেই বহু শিক্ষক দাবি তুলেছেন, যাঁরা ২০১৬ সালের আগে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে মাধ্যমিক স্তরে নিযুক্ত হয়েছেন, তাঁদের নাম যেন শুধুমাত্র নরমাল সেকশন-এ রাখা হয়।

শিক্ষকদের একাংশ ইতিমধ্যেই বিকাশ ভবনে স্মারকলিপি জমা দিয়েছেন এই দাবিতে। তাঁদের বক্তব্য, টেট (TET) ব্যবস্থা ২০১৬ সালের আগেই চালু হয়নি, তাই সে সময়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা চাপানো অন্যায় হবে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, “রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানাতে চলেছে। আমরা চাই, সেখানে নরমাল সেকশন-এর শিক্ষকদের অব্যাহতি চাওয়া হোক।” পাশাপাশি তিনি মনে করেন, শুধু রিভিউ পিটিশন নয়, সংসদে সংশোধনী আনার দাবিও তোলা উচিত রাজ্যের পক্ষ থেকে, যাতে ভবিষ্যতে কোনও মাধ্যমিক শিক্ষককে টেট (TET) পরীক্ষার আওতায় পড়তে না হয়। ফলে, রাজ্যের মাধ্যমিক শিক্ষকদের উপর টেট (TET) বাধ্যতামূলক হওয়ার সম্ভাবনা এখন এক গভীর অনিশ্চয়তার মেঘে ঢাকা।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole