Clerkship Examination: প্রকাশিত হল WBPSC প্রথম পর্বের ফলাফল, উত্তীর্ণ ৮৯,৮২১ প্রার্থী!

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: রাজ্য সরকারে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য নেওয়া WBPSC (Clerkship Examination)-এর প্রথম পর্বের ফলাফল প্রকাশিত হয়েছে বুধবার। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, এ বার মোট ৮৯,৮২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। সফল প্রার্থীরা দ্বিতীয় পর্বের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কমিশনের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় পর্বের পরীক্ষার সূচি ও অ্যাডমিট কার্ড চলতি মাসেই প্রকাশ করা হবে।

আরও পড়ুন:Meta AI Voice: মেটা এআই ভয়েসের নতুন মুখ দীপিকা পাড়ুকোন! বলিউডে শুরু নতুন অধ্যায়

গত বছরের ১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল WBPSC (Clerkship Examination)-এর প্রথম পর্ব। রাজ্যের বিভিন্ন দপ্তরে বিপুল সংখ্যক শূন্যপদ পূরণের উদ্দেশ্যে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় পর্বের পরীক্ষার পর প্রার্থীদের কম্পিউটার অপারেশন ও টাইপিং দক্ষতার পরীক্ষা হবে। সেই ফলাফলের ভিত্তিতেই তৈরি করা হবে চূড়ান্ত মেধাতালিকা।

তবে, কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম পর্বের পরীক্ষার মোট ৩১৮টি ওএমআর শিট বাতিল করা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ভুল রোল বা এনরোলমেন্ট নম্বর লেখা, খালি উত্তরপত্র জমা দেওয়া, পরীক্ষার্থী ও ইনভিজ়িলেটরের সই না থাকা কিংবা বুকলেট নম্বরের ভুল উল্লেখের মতো ত্রুটি। এসব কারণে ওই ওএমআরগুলির মূল্যায়ন সম্ভব হয়নি।

WBPSC (Clerkship Examination)-এর প্রথম পর্বের ফলাফল কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে প্রার্থীরা নিজেদের রোল নম্বরের মাধ্যমে ফলাফল মিলিয়ে নিতে পারবেন। কমিশন উত্তীর্ণদের রোল নম্বরের তালিকাও প্রকাশ করেছে, যা ভবিষ্যতের ধাপগুলিতে কাজে লাগবে বলে জানানো হয়েছে। প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে, ফলাফলের কপি ডাউনলোড করে প্রিন্ট আকারে সংরক্ষণ করতে।

একই সঙ্গে WBPSC (Clerkship Examination)-এর কাট-অফ নম্বরের তালিকাও প্রকাশ করেছে কমিশন। অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ন্যূনতম প্রাপ্ত নম্বর ৪৯, ওবিসি ‘এ’ ও ‘বি’-র জন্য ৪৮, তফসিলি জাতির জন্য ৪৭ এবং উপজাতি শ্রেণির জন্য ২৯ নির্ধারিত হয়েছে। দ্বিতীয় পর্বের পাঠ্যক্রম খুব শিগগিরই WBPSC (Clerkship Examination)-এর ওয়েবসাইটে আপলোড করা হবে বলে কমিশন সূত্রে খবর।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole