নিউজ পোল ব্যুরো: জয় দিয়ে সুপার কাপ অভিযান শুরু করল মোহনবাগান। যে ট্রফি এতদিন অধরা ছিল সবুজ মেরুনের সেই ট্রফির খোঁজে প্রথম ধাপ সফলতার সঙ্গেই পেরিয়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে প্রবল বৃষ্টির মধ্যে ২-০ গোলে চেন্নাইন এফসিকে হারাল তারা। মোহনবাগানের মত হেভিওয়েট টিমের সঙ্গে শুরুটা বেশ জোরদার করেছিল চেন্নাইন। কিন্তু ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে মেপে নিয়ে সহজ জয় তুলে নিল সবুজ মেরুন।

খেলা শুরুর পরই চেন্নাই আক্রমণে ঝাঁপায়। দ্বিতীয় মিনিটেই ফ্রিকিক পায় তারা, তবে মোহনবাগান রক্ষণভাগ সতর্ক ছিল। বৃষ্টিভেজা মাঠে বল নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছিল দুই দলই। ৯ মিনিটে মনবীর সিংয়ের শট ও লিস্টন কোলাসোর প্রচেষ্টা গোলমুখ খুলতে পারেনি। তবুও লিস্টনের ব্যাক হিলে তৈরি হয় গোলের সুযোগ — সেটিই কাজে লাগান জেমি ম্যাকলারেন। ৩৮ মিনিটে তাঁর নিখুঁত ফিনিশিংয়ে ১-০ এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধ শেষ হয় সেই ব্যবধানেই।
দ্বিতীয়ার্ধে বৃষ্টি থামলেও খেলার গতি খুব একটা বাড়েনি। ৫২ মিনিটে অনিরুদ্ধ-ম্যাকলারেন জুটি আরও একবার চেন্নাই রক্ষণে চাপ তৈরি করে। কিছুক্ষণ পরই আবারও গোলের সামনে উপস্থিত হন অজি স্ট্রাইকার। ৬৭ মিনিটে মনবীর সিংয়ের ক্রস থেকে জোড়া গোল পূর্ণ করেন তিনি।

পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেললেও চেন্নাইয়িন এফসি তেমন কোনও বড় সুযোগ তৈরি করতে পারেনি। অপরদিকে, জেমি ম্যাকলারেনের জোড়া গোল, লিস্টন-মনবীরের ধারাবাহিক দৌড় আর শুভাশিসের দৃঢ়তা— সব মিলিয়ে এক আত্মবিশ্বাসী সূচনা করল মোহনবাগান সুপার জায়ান্টস। এখন দেখার, অধরা ট্রফি এবার কতটা কাছে টানতে পারে হোসে মোলিনার দল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
