নিউজ পোল ব্যুরো: বলিউডে শুক্রবার বিকেল থেকেই উদ্বেগের ছায়া। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra) হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হন। প্রথমে আইসিইউ-তে স্থানান্তর করা হলেও শনিবার সকালেই স্বস্তির খবর আসে— স্থিতিশীল আছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ধর্মেন্দ্র (Dharmendra) শুক্রবার রাতেও ভাল ঘুমিয়েছেন এবং তাঁর রক্তচাপ থেকে হৃৎস্পন্দন— সব শারীরবৃত্তীয় কার্যক্রমই স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন:Ravi Kishan: নির্বাচনী মঞ্চ থেকে মৃত্যু-হুমকি, রাগে-অভিমানেই সরব রবি কিশন
হাসপাতালের এক কর্মী নামপ্রকাশে অনিচ্ছুক হয়ে জানান, ধর্মেন্দ্র (Dharmendra) বর্তমানে পুরোপুরি শঙ্কামুক্ত। তাঁর রক্তচাপ ১৪০/৮০ ও হৃৎস্পন্দন ৭০-এ স্থির। প্রস্রাবের পরিমাণ এবং শ্বাসক্রিয়াও স্বাভাবিক। কোনও যন্ত্রের সাহায্য ছাড়াই শারীরিক কার্যকলাপ চলছে বলেই চিকিৎসকদের মত। এমন পরিস্থিতিতে পরিবার, সহকর্মী থেকে শুরু করে তাঁর অসংখ্য ভক্ত সবাই এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। গত কয়েক বছর ধরে বয়স-জনিত নানা শারীরিক সমস্যার সঙ্গেও লড়াই চালিয়ে যাচ্ছেন ধর্মেন্দ্র (Dharmendra)। চলতি বছরের শুরুতেই তাঁর চোখে অস্ত্রোপচার হয়েছিল। হাসপাতাল থেকে বেরোনোর সময়ও তিনি চিত্রসংবাদিকদের উদ্দেশে মজা করে বলেছিলেন, তিনি এখনও ‘শক্তপোক্ত ও তরতাজা’। বয়স যে শুধুই সংখ্যা, তা আবারও প্রমাণ করেছিলেন কর্ণ জোহরের ‘রকি ঔর রানি কি প্রেম কহানি’-তে তাঁর অভিনয়ে। শাবানা আজ়মির সঙ্গে তাঁর দৃশ্য, বিশেষত চুম্বনের দৃশ্য, বলিউডে আলোচনার ঝড় তুলেছিল।
৮ ডিসেম্বর নব্বইয়ে পা দেবেন এই কিংবদন্তি অভিনেতা। তার আগেই তাঁর স্বাস্থ্যগত খবরে উদ্বেগ ছড়ালেও এখন আশা করা হচ্ছে, দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। খুব শিগগিরি মুক্তি পেতে চলেছে শ্রীরাম রাঘবন পরিচালিত ‘ইক্কিস’, যেখানে অভিনয় করছেন ধর্মেন্দ্র (Dharmendra)। ছবিটি ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত নন্দার বড়পর্দায় অভিষেক হবে এই ছবির মাধ্যমেই, সঙ্গে রয়েছেন জয়দীপ আহলাওয়াতও। চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই গত পাঁচ দিন ধরে অভিনেতা হাসপাতালে ছিলেন, এবং কোনও বড় বিপদের আশঙ্কা নেই। আপাতত বিশ্রাম ও পর্যবেক্ষণই তাঁর চিকিৎসার মূল পরিকল্পনা। ভক্তরা এখন একটাই আশা করছেন— শীঘ্রই হাসিমুখে হাসপাতাল থেকে বেরিয়ে আসবেন তাঁদের চিরপ্রিয় ধর্মেন্দ্র (Dharmendra)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
