JEE Mains: বিজ্ঞপ্তির ভুলে বিভ্রান্তি, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল—অনলাইন ক্যালকুলেটর নিষিদ্ধ জেইই মেনসে

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাকে ঘিরে ফের বড় পরিবর্তনের ঘোষণা করল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ। প্রথম ইনফরমেশন বুলেটিনে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যে পরীক্ষার্থীরা অনলাইন বা ভার্চুয়াল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। ফলে দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছিল প্রস্তুতিগত নতুন কৌশল, বিশেষ করে সংখ্যাতত্ত্ব এবং গণিতভিত্তিক বিভাগে সুবিধা পাওয়ার আশাও বেড়েছিল। কিন্তু রবিবার রাতে এনটিএ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল, এই তথ্যটি ভুলবশত ছাপা হয়েছিল জেইই মেনস (JEE Mains)-এর সরকারি বুলেটিনে। কর্তৃপক্ষ স্বীকার করেছে, এই ভুলের কারণে বহু পরীক্ষার্থী বিভ্রান্ত হয়েছেন এবং তার জন্য সংস্থা দুঃখ প্রকাশ করছে।

আরও পড়ুন:Subhashree Ganguly Birthday: আড়ম্বরহীন ভালবাসা, দুমকায় কেক, ঝাড়খণ্ডের শুটিং সেটেই জন্মদিন কাটালেন শুভশ্রী

নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, জেইই মেনস (JEE Mains)-এর পরীক্ষায় কোনও ধরনের ক্যালকুলেটর—না অনলাইন, না অফলাইন—ব্যবহার করা যাবে। পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া আগের মতোই থাকবে। অর্থাৎ পরীক্ষার্থীদের নিজেদের প্রস্তুতি ও মস্তিষ্কের ওপর নির্ভর করেই গাণিতিক হিসেব সম্পন্ন করতে হবে। পরীক্ষার নিয়মে এই আকস্মিক বদল অনেক পরীক্ষার্থীর পরিকল্পনা এবং অনুশীলনে প্রভাব ফেলতে পারে বলে একাংশের মত।

ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি বিষয়ে স্নাতকে ভর্তির অন্যতম সর্বভারতীয় প্রবেশিকা জেইই মেনস (JEE Mains)-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২১ থেকে ৩০ জানুয়ারি। দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে ২ থেকে ৯ এপ্রিল। রেজিস্ট্রেশন শুরু হয়েছে ইতিমধ্যেই, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। পরীক্ষার অধিকাংশ অংশই হবে সিবিটি বা কম্পিউটার-ভিত্তিক। বিই এবং বিটেকের প্রথম পত্র, এবং বিপ্ল্যানের দ্বিতীয় পত্র—উভয়টিই সিবিটি পদ্ধতিতে নেওয়া হবে। তবে বিআর্কের দ্বিতীয় পত্রে অঙ্কনভিত্তিক প্রশ্ন থাকায় সেটি হবে খাতায়-কলমে।

জেইই মেনস (JEE Mains)-এর প্যাটার্ন অনুযায়ী তিন ঘণ্টার পরীক্ষায় থাকবে বহুনির্বাচনি প্রশ্ন, সঙ্গে নেগেটিভ মার্কিংয়ের নিয়ম। এই পরিস্থিতিতে ক্যালকুলেটর ব্যবহারের রেয়াত না থাকায় পরীক্ষার্থীদের আরও একবার প্রস্তুতির রূপরেখা বদলাতে হতে পারে। শিক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে, দক্ষতা যাচাইয়ের জন্য ক্যালকুলেটর নিষিদ্ধই থাকা উচিত। তবে আকস্মিক ঘোষণা বদল করায় পরীক্ষার্থীদের সমস্যা কিছুটা বাড়তে পারে। শেষ মুহূর্তের বিভ্রান্তি সত্ত্বেও এনটিএ জানিয়েছে, জেইই মেনস (JEE Mains)-এর নিয়ম ও কাঠামো এখন স্থির, এবং আর কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole