Kanchenjunga : কার্তিকে জলপাইগুড়ি থেকে দেখা মিলল বরফমোড়া কাঞ্চনজঙ্ঘা! প্রাতঃভ্রমণে মুগ্ধ শহরের বাসিন্দারা

রাজ্য

নিউজ পোল ব্যুরো: কার্তিক মাসের সকালে জলপাইগুড়ির আকাশে দেখা মিলল এক অপূর্ব দৃশ্যের। চোখ খুলতেই ধরা দিলো কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga) সেই শ্বেতশুভ্র, বরফমোড়া পাহাড়শৃঙ্গ, যা দেখে আপ্লুত হয়ে উঠলেন শহরের বাসিন্দারা। একেবারে প্রাতঃভ্রমণের সময় ‘ঘুমন্ত বুদ্ধের মতো’ বিশ্রামরত পাহাড়কে হাতের নাগালে পাওয়া সত্যিই এক প্রাকৃতিক ‘সারপ্রাইজ গিফট’। এই বছর প্রথম দেখা মিলেছিল সেপ্টেম্বরের শুরুতে, এরপর ২৬ সেপ্টেম্বর। কয়েক দিনের বিরতির পর আবারও জলপাইগুড়ির আকাশে উজ্জ্বল হয়ে উঠল হিমালয়ের এই রাজা (Himalaya king of peaks)।

আরও পড়ুন : Aadhaar Card : SIR যাচাইয়ের আগে হারানো আধার, ভোটার বা জাতিগত শংসাপত্র অনলাইনে ডাউনলোড করুন এই সহজ উপায়ে

মঙ্গলবার সকাল থেকে আকাশ ছিল নির্মল, হালকা হাওয়ায় মনোরম পরিবেশে শীতকে স্বাগত জানাচ্ছিল পাহাড়ি অঞ্চল। এমন দিনে কেউ বেরিয়েছেন প্রাতঃভ্রমণে, কেউ কাজে। তবে সকালবেলার এই সুন্দর মুহূর্তে নীল আকাশের ক্যানভাসে দেখা মিলল বরফ ঢাকা শৃঙ্গের (Snow-capped peaks)। জলপাইগুড়ি শহরের করলা সেতু, তিস্তা নদীর পাড়, স্পোর্টস কমপ্লেক্স, রেলস্টেশন সব জায়গা থেকেই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘার উজ্জ্বল চূড়া। হাতে ক্যামেরা নিয়ে অনেকেই সেই মুহূর্তটি ধরে রাখলেন। প্রাতঃভ্রমণে বেরিয়ে চোখের সামনে এই দৃশ্য পেয়ে মিমি চক্রবর্তী বলেন, “প্রতিদিন হাঁটতে আসি। আজকের সকালটা একেবারে অন্যরকম। চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা দেখে মন মুগ্ধ হয়ে গেল।” তিনি যেমন আপ্লুত, তেমনি গোপাল দে নামের এক পথচারীও দাঁড়িয়ে মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন। তিনি জানান, “সকালবেলা এমন এক অতিরিক্ত পাওনা! জলপাইগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ স্পষ্ট দেখা যাচ্ছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

শিলিগুড়ি থেকেও একইভাবে কয়েকদিন আগে বরফমোড়া এই পাহাড়চূড়ার দৃশ্য দর্শকের মন ছুঁয়েছে। এমন রূপদর্শনে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা উচ্ছ্বসিত হয়েছেন। প্রকৃতির এই অপরূপ প্রহর মনে করিয়ে দেয়, শীত ও পাহাড়ের সমন্বয় কতটা জাদুকরী হতে পারে। প্রতিটি সকালের আলো ও ঠান্ডা হাওয়ায় বরফে মোড়া পাহাড়ের প্রতিফলন যেন এক অমুল্য স্মৃতি হয়ে যায়।