Suvendu Adhikari: SIR ইস্যুতে শুভেন্দুর হুঁশিয়ারি, “আটকালেই রাষ্ট্রপতি শাসন অনিবার্য”

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্য রাজনীতির উত্তাপ আরও একধাপ বেড়েছে। এসআইআর (Special Summary Revision) ইস্যুকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে পানিহাটিতে মিছিল ও জনসভা করে নতুন রাজনৈতিক বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার সোজাসাপ্টা ঘোষণা, “তৃণমূল (TMC) যদি এসআইআর (SIR) ভণ্ডুল করার চেষ্টা করে, তাহলে ৪ মে রাত বারোটার পর থেকে বাংলায় রাষ্ট্রপতি শাসন অনিবার্য হয়ে উঠবে।”

আরও পড়ুন: Chattisgarh: ফের করমণ্ডলের স্মৃতি উসকে ছত্তিশগড়ে মালগাড়ির আঘাতে ছিন্নভিন্ন যাত্রীবাহী ট্রেন, মৃত ৬

পানিহাটির সভায় শুভেন্দু (Suvendu Adhikari) জানান, ২০২১ সালের ৫ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে তৃতীয়বার সরকার গঠিত হয়েছিল। সংবিধান অনুযায়ী ২০২৬ সালের ৪ মে’র মধ্যেই নতুন সরকার গঠন করতে হবে। আর সেই প্রক্রিয়ার অন্যতম ধাপ হল ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশ। শুভেন্দুর বক্তব্য, “যদি তৃণমূল এসআইআর বাধাগ্রস্ত করে, বিএলওদের হেনস্থা করে, কিংবা নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করে, তবে কমিশনই সিদ্ধান্ত নেবে। বিজেপি সংঘর্ষে যাবে না। কিন্তু ভোটার লিস্ট না বেরলে ভোটই হবে না, আর ভোট না হলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসন লাগু হবে।”

বিরোধী নেতা (Suvendu Adhikari) অভিযোগ করেন, তৃণমূল জেনে-বুঝেই অশান্তি সৃষ্টি করছে যাতে ভোটের প্রস্তুতি আটকে যায়। তিনি বলেন, “বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। কোনও রোহিঙ্গা, কোনও বেআইনি অনুপ্রবেশকারী এই তালিকায় থাকবে না। তবে হিন্দু শরণার্থীদের জন্য ভারতবর্ষই নিরাপদ আশ্রয়।” শুভেন্দু আরও দাবি করেন, “২০১৯ সালে ঠাকুরনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন সিএএ কার্যকর হবে। ২০২৪ সালে তা বাস্তব হয়েছে।”

সভায় রাজ্য সরকারের দিকেও তোপ দাগেন শুভেন্দু। তার অভিযোগ, সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজে রাজ্য সরকার জমি না দেওয়ায় অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হচ্ছে না। সেই সঙ্গে তিনি স্পষ্ট করেন, পানিহাটির প্রদীপ কর আত্মহত্যা মামলার সঙ্গে এসআইআরের কোনও যোগ নেই, তৃণমূল রাজনৈতিকভাবে বিষয়টি ব্যবহার করছে। সোদপুর ট্রাফিক মোড় থেকে তেঁতুলতলা মোড় পর্যন্ত বিজেপির মিছিল চলাকালীন স্বদেশ মোড়ের কাছে তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান নিয়ে সামান্য উত্তেজনা ছড়ায়, যা শেষমেশ পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে। রাজনৈতিক মহলে শুভেন্দুর এই হুঁশিয়ারি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। অনেকের মতে, এই বক্তব্যের মধ্য দিয়ে শুভেন্দু স্পষ্ট বার্তা দিয়েছেন, ২০২৬-এর আগে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হলে বিজেপি সংবিধানিক পথেই চাপ বাড়াবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole